আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থান করেই নিজের তৃতীয় কন্যাসন্তানের জন্মের আনন্দ উদযাপন করেছেন কানাডীয় নভোচারী জশুয়া কুট্রিক। পৃথিবী থেকে কয়েক শ কিলোমিটার দূরে মহাকাশে থাকায় মেয়ের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পারেননি তিনি।
গত অক্টোবর মাসে ছয় মাসের মহাকাশ মিশনে যোগ দিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান কুট্রিক। কানাডিয়ান স্পেস এজেন্সির তথ্য অনুযায়ী, মঙ্গলবার তাঁর স্ত্রী হেদার কুট্রিক একটি কন্যাসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। সূত্র: এএফপি, এনডিটিভি ও বিবিসি
কানাডিয়ান স্পেস এজেন্সি তাদের এক্স অ্যাকাউন্টে নবজাতকের একটি ছবি প্রকাশ করে এই সুখবর জানায়। পোস্টটিতে প্রতিক্রিয়ায় কুট্রিক একটি হৃদয়ের ইমোজি দেন।
সংস্থাটির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জশুয়া ও হেদার কুট্রিক বলেন, “আমাদের মাঝে বিশাল দূরত্ব থাকা সত্ত্বেও, আমাদের জীবনে নতুন এই ছোট্ট তারকার আগমনে আমরা গভীর এক সংযোগ অনুভব করছি।”
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানকালে সন্তানের জন্মের সময় পৃথিবীতে উপস্থিত থাকতে না পারা নভোচারীদের মধ্যে কুট্রিক চতুর্থ। এটি তাঁর প্রথম মহাকাশ অভিযান। দম্পতির ভাষ্য অনুযায়ী, ছোটবেলা থেকেই মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতেন কুট্রিক।
এই দম্পতির আরও দুটি সন্তান রয়েছে, পিটার ও আনা। তাদের বয়স যথাক্রমে পাঁচ ও সাত বছর।
বিবৃতিতে তাঁরা আরও বলেন, “আমরা আমাদের সন্তানদের দেখাতে চাই যে বড় স্বপ্ন দেখা সার্থক; কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প গুরুত্বপূর্ণ; এবং পরিবার ও একটি শক্তিশালী কমিউনিটির সমর্থনে অসাধারণ সব কাজ করা সম্ভব।”
মহাকাশ অভিযানে যাওয়ার আগে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কুট্রিক বলেছিলেন, সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে না পারাটা তাঁর জন্য কঠিন হবে। তবে তাঁরা দুজনই পরিস্থিতিটির জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন।
সে সময় তিনি বলেন, “এটি একটি বড় চ্যালেঞ্জ, একটি বড় অভিযান। তবে আমরা দুজনেই সবসময় কিছুটা অ্যাডভেঞ্চার বা চ্যালেঞ্জ পছন্দ করেছি। আমার মনে হয়, যদি কাউকে এমন কিছু করতে হয়, তবে তা আমরাই করতে পারি। আর যদি কেউ এটি সফলভাবে করতে পারে, তবে তার কৃতিত্ব আমার স্ত্রী ও পরিবারের, তারা সত্যিই অসাধারণ।”
২০২৭ সালের মার্চ মাসে কুট্রিকের পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।



