Homeখেলাবাফুফের নির্বাহী কমিটির সভায় প্রশ্নের মুখে টেকনিক্যাল ডিরেক্টর

বাফুফের নির্বাহী কমিটির সভায় প্রশ্নের মুখে টেকনিক্যাল ডিরেক্টর

কোচ হিসেবে বিদেশ সফর, তৃণমূলের কোচদের কার্যক্রম ও কোচ নিয়োগ নিয়ে জবাবদিহি চাইলেন কর্মকর্তারা

জ্যেষ্ঠ প্রতিনিধি:

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাহী কমিটির একাধিক সদস্য। বুধবার অনুষ্ঠিত ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় দুই সহসভাপতিসহ কয়েকজন কর্মকর্তা তাঁর কাছে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চান।

সভায় টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব, কোচ হিসেবে বিদেশ সফর, তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং কোচিং কোর্স আয়োজনের বিষয়গুলো আলোচনায় আসে।

সাইফুল বারী টিটু বছরের বড় একটি সময় কোচিং কোর্স পরিচালনায় ব্যস্ত থাকেন বলে অভিযোগ রয়েছে। অথচ বয়সভিত্তিক জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও তাঁকে বিদেশ সফরে যেতে দেখা যায়। সভায় এক সহসভাপতি প্রশ্ন তোলেন, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কেন তিনি কোচের ভূমিকায় বিদেশ সফর করবেন।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের অনুমোদন ছাড়া টিটুর কোচ হিসেবে বিদেশ সফরের সুযোগ নেই। তবে ফেডারেশনের কয়েকজন কর্মকর্তার দাবি, কোচ হিসেবে বিদেশ যাওয়ার প্রস্তাব তিনি নিজেই তৈরি করে সভাপতির কাছে অনুমোদনের জন্য উপস্থাপন করেন।

নারী দলের কোচ হিসেবে টিটুর বিভিন্ন দেশে সফরের বিষয়েও ফেডারেশনের অভ্যন্তরে আলোচনা রয়েছে। এ ক্ষেত্রে নারী ফুটবল কমিটির সাবেক চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের আগ্রহের প্রভাব ছিল বলে সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করেন। কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণের সময়েই নারী দলের প্রধান কোচ হিসেবে টিটু বাফুফেতে পুনরায় যুক্ত হন। পরে তিনি টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পান।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অর্থায়নে বাফুফেতে কর্মরত কয়েকজন কোচ জেলা ও তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণের কাজ করেন। তাঁদের কার্যক্রম, কোন জেলায় কী ধরনের কাজ হচ্ছে এবং কাজের মূল্যায়ন কীভাবে করা হচ্ছে—এসব বিষয়ে সভায় টেকনিক্যাল ডিরেক্টরের কাছে জানতে চান আরেক সহসভাপতি। এ সময় নিজের জেলার একজন কোচের নিষ্ক্রিয়তার উদাহরণও তুলে ধরেন তিনি।

এদিকে এএফসির নিয়ম অনুযায়ী, জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালনের জন্য এএফসি প্রো লাইসেন্স প্রয়োজন। এই লাইসেন্সের কোচিং কোর্স আয়োজনের জন্য বাফুফের একাধিক কর্মকর্তা আগে থেকেই তাগাদা দিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত কোর্সটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ফুটবলাঙ্গনে আলোচনা রয়েছে, সাবেক ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে প্রো লাইসেন্স করানোর লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে বাফুফের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

টেকনিক্যাল বিভাগের সংশ্লিষ্টদের ভাষ্য, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সাইফুল বারী টিটু এ পর্যায়ের কোর্স পরিচালনা করতে পারতেন। তাঁকে এএফসি প্রো লাইসেন্স কোর্স পরিচালনার অনুমতি দেওয়ার পরই এটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিদেশি প্রশিক্ষক আনতে উল্লেখযোগ্য ব্যয় হতে পারে।

সিনিয়র ও জুনিয়র জাতীয় দলের জন্য বিদেশি কোচ নিয়োগের প্রক্রিয়াতেও টেকনিক্যাল ডিরেক্টর সরাসরি যুক্ত থাকেন। মার্ক কক্স, জেরার্ড জোন্স ও থমাস ডুলির নিয়োগে তাঁর সম্পৃক্ততা ছিল। থমাস ডুলি সহকারী কোচ হিসেবে যাঁদের নিয়ে এসেছিলেন, তাঁদের যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে ফুটবলাঙ্গনে আলোচনা আছে। তবে নির্বাহী কমিটির সভায় টেকনিক্যাল ডিরেক্টরকে নিয়ে সমালোচনার মধ্যে বিষয়টি গুরুত্ব পায়নি। জাতীয় দল কমিটির সভাতেও এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। একপর্যায়ে টেকনিক্যাল ডিরেক্টরের জবাবদিহির পাশাপাশি টেকনিক্যাল কমিটির দায়িত্ব নিয়েও প্রশ্ন ওঠে।

সভায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) দলের সংখ্যা ও অংশগ্রহণ নিয়েও এক ঘণ্টার বেশি আলোচনা হয়। ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে আবারও বিসিএলে খেলার সুযোগ দেওয়ার পক্ষে দীর্ঘ সময় ধরে যুক্তি দেন বাফুফের এক সহসভাপতি। নির্বাহী কমিটির আরেক সদস্য উত্তর বারিধারাকেও সুযোগ দেওয়ার পক্ষে মত দেন। তবে অতীতে অবনমিত হওয়ার পরও ফরাশগঞ্জের একাধিকবার আগের স্তরে খেলার সুযোগ পাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সভাপতি ও কয়েকজন সদস্য এ প্রস্তাবের বিষয়ে নেতিবাচক মনোভাব দেখান।

বাফুফে নির্বাহী কমিটির ২১ সদস্যের মধ্যে সহসভাপতি ফাহাদ করিমকে বিভিন্ন অনুষ্ঠান ও ফুটবল-সংশ্লিষ্ট সামাজিক আয়োজনে নিয়মিত দেখা যায়। তবে বুধবারের গুরুত্বপূর্ণ সভায় কে স্পোর্টস ও বসুন্ধরার সঙ্গে ফেডারেশনের আর্থিক দেনা-পাওনা নিয়ে আলোচনা শেষ হওয়ার পর তিনি সভাকক্ষে প্রবেশ করেন।

সভা শেষে আরেকটি বিষয় নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আলোচ্যসূচিতে একটি বিষয় অন্তর্ভুক্ত না থাকায় নির্বাহী কমিটির এক সদস্য সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে উত্তেজিত আচরণ করেন এবং তাঁকে হুমকি দেন বলে সভাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একপর্যায়ে তুষারও পাল্টা জবাব দেন। সভাপতি উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক সহসভাপতিকে দুই পক্ষকে নিবৃত্ত করতে হয়। পরে তিনি বিষয়টি বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এর আগে জাতীয় দলের সাবেক কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং জাতীয় দল কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে অন্যদের মন্তব্যের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি বলে ফেডারেশনের ভেতরে প্রশ্ন রয়েছে। নির্বাহী কমিটির সদস্যদের আচরণে বিভিন্ন সময়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হলেও এ বিষয়ে সভাপতির পক্ষ থেকে দৃশ্যমান কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে সংশ্লিষ্টদের অভিযোগ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments