নিজস্ব প্রতিনিধি
আদালতের ‘রং হেডেড’ (অবিবেচক) উপাধি পাওয়া শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, একজন গণহত্যাকারীকে বাংলাদেশের আইন অনুযায়ী দেশে ফিরতে হবে, তাঁর ইচ্ছা অনুযায়ী নয়।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানও বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী বলেন, নারী সাংবাদিকদের পেশাগত অগ্রগতি ও ক্ষমতায়নে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। বিএনপি সরকারের নারী সাংবাদিকদের অবহেলা করার কোনো মানসিকতা নেই। বরং তাঁদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং কর্মক্ষেত্রে সুযোগ সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীরা দায়িত্ব পালন করছেন। তথ্য মন্ত্রণালয়ের সচিবসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের উপস্থিতি রয়েছে। তাই নারী হওয়ার কারণে কাউকে চাকরি বা পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়—এমন ধারণার সঙ্গে তিনি একমত নন। নিয়োগ ও পদোন্নতি হওয়া উচিত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে।
নারী সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাঁদের জন্য বিশেষ প্রশিক্ষণ বা এক থেকে দুই মাসের স্বল্পমেয়াদি কোর্স চালুর বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। তবে শুধু আলাদা প্রশিক্ষণ নয়, প্রচলিত প্রশিক্ষণ কর্মসূচিতেও নারী সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের বেতন-ভাতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো ওয়েজবোর্ডের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করলে নারী-পুরুষ নির্বিশেষে সব সংবাদকর্মী উপকৃত হবেন। শুধু ওয়েজবোর্ড প্রণয়ন নয়, এর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।
সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের নেতারা সংগঠনের জন্য একটি অফিস ও এককালীন আর্থিক সহায়তা দাবি করেন। জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রেস ক্লাবে নারী সাংবাদিকদের জন্য নির্দিষ্ট জায়গা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পৃথক শৌচাগারের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে। এ জন্য ফোরামকে আনুষ্ঠানিকভাবে আবেদন করার পরামর্শ দেন তিনি।
ফোরামের প্রকাশনা তথ্য অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্তির বিষয়েও ইতিবাচক মনোভাব জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রচলিত আইন ও নীতিমালা অনুসরণ করে আবেদন করা হলে সরকারি বিজ্ঞাপন পাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
সভায় নারী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বেতন-ভাতা, প্রশিক্ষণ, সাংগঠনিক অবকাঠামো এবং প্রকাশনার তালিকাভুক্তিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন ফোরামের নেতারা। প্রতিমন্ত্রী তাঁদের প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন।



