Homeসারাদেশচট্টগ্রামপাহাড়ে উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, কর্মসংস্থানে পর্যটন-কফি-ফ্রিল্যান্সিংয়ে জোর

পাহাড়ে উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, কর্মসংস্থানে পর্যটন-কফি-ফ্রিল্যান্সিংয়ে জোর

রাঙ্গামাটি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি পর্যটন, কফি ও কাজুবাদাম চাষ এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

কাপ্তাই লেকের পরিবেশ ও নাব্যতা রক্ষা, সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন এবং তরুণদের দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

সাচিং প্রু বলেন, অতীতে মাটি কাটা ও জঙ্গল পরিষ্কারের মতো প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও অনেক ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন হয়নি। বর্তমান সরকার এ অবস্থার পরিবর্তন চায়। উন্নয়নের প্রতিটি টাকা যেন মানুষের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে। এ জন্য সব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা তাঁর অগ্রাধিকার।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

কাপ্তাই লেকের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, লেকের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে এটি আশীর্বাদের পরিবর্তে অভিশাপ হয়ে উঠতে পারে। লেকের নাব্যতা ফিরিয়ে আনা এবং ভাসমান বসতবাড়ির বর্জ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনায় বিশেষ নজর দিতে হবে। পানি দূষণমুক্ত রাখা এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, রাঙ্গামাটি, বান্দরবানের থানচি ও লামা এবং কক্সবাজারের টেকনাফকে যুক্ত করে পর্যটন রুট গড়ে তোলা গেলে দেশি-বিদেশি পর্যটকেরা একই ভ্রমণে পাহাড়ের জীববৈচিত্র্য, সংস্কৃতি, স্থানীয় ফলমূল ও খাবারের সঙ্গে পরিচিত হতে পারবেন। পর্যটনসংশ্লিষ্ট হোটেল ও পরিবহন খাতে পরিচ্ছন্নতা এবং পর্যটকদের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে জনকল্যাণমুখী ধারায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে সাচিং প্রু বলেন, প্রতিষ্ঠানটি অতীতে আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরবর্তী সময়ে মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে।

পাহাড়ের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ও উচ্চমূল্যের ফসলের চাষ বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, কফি ও কাজুবাদাম চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, কফিগাছ ৮০ থেকে ৯০ বছর এবং কাজুবাদামগাছ ৪০ থেকে ৫০ বছর পর্যন্ত ফলন দিতে পারে। দেশে কফির চাহিদা থাকায় পাহাড়ে এর আবাদ বাড়ানো গেলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

শিক্ষিত বেকার তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারি চাকরির সীমিত সুযোগের বাইরে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ের সুযোগ তৈরি করা হবে। এ লক্ষ্যে তিন মাসের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে পাহাড়ের তরুণ-তরুণীদের দক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে।

দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মাদক ও অবৈধ পপি চাষ প্রতিরোধেও পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। দুর্গম এলাকায় অ্যাম্বুলেন্সের সংকট নিরসনে মন্ত্রণালয় কাজ করছে বলে উল্লেখ করেন মন্ত্রী। মাদক ও অবৈধ পপি চাষ বন্ধে স্থানীয় হেডম্যান, কারবারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তথ্যদাতাদের পুরস্কৃত করার কথাও জানান তিনি।

মন্ত্রী বলেন, পাহাড় ও সমতলের মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ক্ষুদ্র জাতিসত্তার মানুষের আয়করসংক্রান্ত যৌক্তিক বিষয়গুলোও সরকার বিবেচনা করেছে। উন্নয়ন কার্যক্রম সরেজমিনে তদারক করতে প্রতি দুই থেকে তিন মাস অন্তর রাঙ্গামাটি সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments