নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ দখলের বক্তব্য দেওয়ায় পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংকে ক্ষমতা থেকে সরাতে ভারতের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, মতিভ্রষ্ট ও উন্মাদ প্রকৃতির ব্যক্তিদের বিষয়ে ভারতীয়দের সতর্ক থাকা উচিত। এ ধরনের ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে নিজেদের পাশাপাশি ভারতেরও সর্বনাশ হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে পশ্চিমবঙ্গের নাগরিকসহ ভারতের জনগণের প্রতি এ আহ্বান জানান তিনি।
বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বাংলাদেশ দখলের দিবাস্বপ্ন দেখেছেন। আধুনিক জাতি রাষ্ট্র ভিত্তিক বিশ্বব্যবস্থায় এক দেশের মন্ত্রী হয়ে অন্য একটি দেশ দখলের কথা বলা মতিভ্রম ছাড়া কিছু নয়।
তিনি বলেন, যে ব্যক্তি প্রতিবেশী দেশের ইতিহাস, ঐতিহ্য ও সক্ষমতা সম্পর্কে জানেন না এবং নিজের দায়িত্বের সীমাও বোঝেন না, তিনি পশ্চিমবঙ্গের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলে ভারতের জনগণের নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।
অর্জুন সিংয়ের বক্তব্যকে ‘পাগলের প্রলাপ’ আখ্যা দিয়ে গাজী আতাউর রহমান বলেন, মিথ্যা ও অবাস্তব তথ্যের ভিত্তিতে দেওয়া এমন কল্পনাপ্রসূত বক্তব্য গুরুত্বের সঙ্গে নেওয়ার কোনো কারণ নেই। এর জবাবে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাস-ঐতিহ্য স্মরণ করিয়ে দেওয়াও অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন তিনি।
তবে মন্ত্রী হিসেবে অর্জুন সিংকে সতর্ক করে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কেউ আঙুল তুললে কিংবা চোখ তুলে তাকালে তার সমুচিত জবাব দেওয়া হবে।
অখণ্ড ভারতপন্থীদের উদ্দেশে গাজী আতাউর রহমান বলেন, ‘নিজের পায়ে নিজেরা কুড়াল মারবেন না।’ একই সঙ্গে পশ্চিমবঙ্গের জনগণকে এ ধরনের উন্মাদ প্রকৃতির ব্যক্তি এবং তাঁদের পৃষ্ঠপোষকদের ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে এ ধরনের বক্তব্য শুধু অবাস্তবই নয়, বরং আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রেও দায়িত্ব জ্ঞান হীনতার পরিচয় বহন করে।



