Homeবিবিধটপ ফাইভআবর্জনার ভাগাড় থেকে নগরবন, ঢাকাজুড়ে কি এমন সবুজায়ন সম্ভব?

আবর্জনার ভাগাড় থেকে নগরবন, ঢাকাজুড়ে কি এমন সবুজায়ন সম্ভব?

নিজস্ব প্রতিনিধি:

একসময় বনানীর কাকলী মোড় থেকে ২৭ নম্বর সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ ফুটপাতজুড়ে ছিল ময়লা-আবর্জনার স্তূপ। দুর্গন্ধে ওই পথ দিয়ে চলাচল করাও ছিল কষ্টকর। সেই জায়গাতেই এখন গড়ে উঠেছে ২২০ প্রজাতির গাছের সমন্বয়ে একটি নগরবন, ‘বনানী আরবান ফরেস্ট’।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই বন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে কাকলী মোড় থেকে বনানীর ২৭ নম্বর সড়ক পর্যন্ত বিস্তৃত প্রকল্পটির প্রাথমিক কাজ শেষ হয়েছে। নভেম্বরের শেষ দিকে সাধারণ দর্শনার্থীদের জন্য এটি খুলে দেওয়ার কথা রয়েছে।

ঢাকা সামাজিক বন বিভাগের উপবন সংরক্ষক শারমীন আক্তার জানান, ২০২৬ সালের জানুয়ারিতে প্রকল্পটির কাজ শুরু হয়। ডিএনসিসি জায়গাটি পরিষ্কার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে। পরে বেসরকারি প্রতিষ্ঠান গার্ডেনিং বাংলাদেশের সহযোগিতায় পরিকল্পনা ও বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হয়।

গার্ডেনিং বাংলাদেশের প্রধান নির্বাহী রাকিবুল আমিন বলেন, মাটির নিচে কোথাও দুই থেকে তিন ফুট, আবার কোথাও ছয় ফুট পর্যন্ত বর্জ্য জমে ছিল। এর মধ্যে পলিথিন, প্লাস্টিক ও কংক্রিটের বর্জ্যও ছিল। জায়গাটি একসময় সাধারণ মানুষের চলাচলের জন্যও অনিরাপদ ছিল।

বর্তমানে সেখানে পলাশ, শিমুল, কদম, নিম, অর্জুন, হরিতকি, ফার্ন, বাঁশসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। তৈরি করা হয়েছে হাঁটার পথ, বসার জায়গা ও কয়েকটি ছোট জলাধার। জলাধারে রয়েছে জলজ উদ্ভিদ ও মাছ।

শারমীন আক্তার জানান, এটি মিয়াওয়াকি পদ্ধতিতে তৈরি নয়; বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে ‘আরবান রেডি ফরেস্ট’ নামে একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। গাছের প্রজাতি, বিন্যাস, দূরত্ব, মাটি তৈরি ও সেচব্যবস্থায় পরিকল্পিতভাবে কাজ করা হয়েছে।

রাকিবুল আমিনের ভাষ্য, বনটিতে ইতোমধ্যে প্রজাপতি, ফড়িং, মথ, পাখি, পেঁচা, কাঠবিড়ালি ও ব্যাঙের উপস্থিতি দেখা যাচ্ছে। সাধারণত নতুন বনে প্রাথমিক আবাসস্থল তৈরি হতে দুই থেকে তিন বছর লাগলেও এখানে ছয় মাসের মধ্যেই বিভিন্ন প্রাণীর দেখা মিলেছে।

পক্ষীবিদ ও প্রকৃতি সংরক্ষণবিদ ড. রেজা খান মনে করেন, বনটি সুরক্ষিত রাখা গেলে ছোট পাখি, বিশেষ করে সানবার্ড, মৌটুসি ও টুনটুনির জন্য ভালো আবাসস্থল হতে পারে। জলাধারে স্থানীয় জলজ উদ্ভিদ বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তিনি।

শারমীন আক্তার জানান, মাটির গুণমান, বায়ুর মান, শব্দদূষণ ও কার্বন পরিস্থিতি পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, বনানীর উদ্যোগ সফল হলে ঢাকার অন্যান্য পরিত্যক্ত জায়গাতেও এ ধরনের নগরবন গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments