নিজস্ব প্রতিনিধি:
আগামী ১ ডিসেম্বরের সমাবেশকে ইতিহাসের অন্যতম ঐতিহাসিক সমাবেশ হিসেবে উল্লেখ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেছেন, এ সমাবেশের মাধ্যমে ১৯৭১ সালের স্বাধীনতা রক্ষা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জনের সুফল দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হবে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী সমাবেশে যোগ দেবেন—এ খবরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন সব থানা ও ইউনিটের নেতাকর্মীরা উজ্জীবিত। তারা সমাবেশে যোগ দিতে আগ্রহী। বিজয়ের মাসে আয়োজিত এ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী স্বাধীনতা ও দেশ রক্ষার বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে নেতাকর্মীরা প্রত্যাশা করছেন।
তিনি আরও বলেন, “১৯৭১ সালে আমরা যে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, সেই স্বাধীনতা সুরক্ষা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জনের সুফল দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার সমাবেশ এটি। এই সমাবেশ সফল ও সার্থক করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সম্পূর্ণ প্রস্তুত।”
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, ১ ডিসেম্বরের বিজয় সমাবেশে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে মহানগর দক্ষিণের প্রতিটি ইউনিট কমিটি সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।
সমাবেশ নির্বিঘ্ন, সুন্দর ও সফল করতে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম ইসলামসহ মহানগরের শীর্ষ নেতারা। এ ছাড়া মহানগর দক্ষিণের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতারাও সভায় অংশ নেন।



