বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন পর প্রকাশ্যে দেখা গেল দক্ষিণ ভারতীয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমকে। ছেলে জেসন সঞ্জয়ের পরিচালনায় প্রথম সিনেমা ‘সিগমা’র প্রদর্শনীতে মেয়েকে নিয়ে চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহে হাজির হন তিনি। বিজয়ের সঙ্গে বিচ্ছেদের আবেদন প্রত্যাহারের পর এটিই সঙ্গীতার প্রথম প্রকাশ্যে আসা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২ অক্টোবর) চেন্নাইয়ের কামালা সিনেমাসে ‘সিগমা’র প্রথম দিনের প্রদর্শনী দেখতে যান সঙ্গীতা ও তার মেয়ে দিব্যা শাশা। তাদের সঙ্গে ছিলেন ছেলে জেসনও।
প্রেক্ষাগৃহের বাইরে সঙ্গীতাকে আলোকচিত্রীদের দেখে হাসিমুখে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তার পরনে ছিল সোনালি পাড়ের ক্রিম রঙের পোশাক। দিব্যার পরনে ছিল কালো টি-শার্ট ও জিনস।
তবে সিনেমাটির প্রদর্শনীতে বিজয়কে দেখা যায়নি। ছবিটির প্রচারণাতেও তিনি অংশ নিচ্ছেন না।
ছেলের সিনেমার প্রচারণা থেকে বাবাকে দূরে রাখার সিদ্ধান্তের কারণও জানিয়েছেন জেসন। তার মতে, ‘সিগমা’র প্রচারণায় তার বাবার তারকাখ্যাতির চেয়ে সিনেমা ও সংশ্লিষ্ট শিল্পীদের কাজই গুরুত্ব পাওয়া উচিত।
জেসন বলেন, তার বাবা সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন। তবে প্রচারণায় তিনি অংশ নেবেন না। কারণ এখন তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তার অনেক দায়িত্ব রয়েছে।
সিনেমাটি দেখে বিজয়ের প্রতিক্রিয়া কেমন হবে, সে বিষয়েও কথা বলেছেন জেসন। তার ভাষ্য, কোনো বিষয়ে মতামত দেওয়ার আগে তার বাবা সময় নেন। তবে সিনেমাটি দেখে তিনি পছন্দ করবেন এবং ছেলের কাজ নিয়ে গর্বিত হবেন বলে আশা করছেন জেসন।
বিচ্ছেদের আবেদন, পরে প্রত্যাহার
বিজয় ও সঙ্গীতার দাম্পত্য সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পারিবারিক আদালতে বিজয়ের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি বিজয়ের বিরুদ্ধে মানসিক অবহেলা, অপমান ও দাম্পত্য বিশ্বাস ভঙ্গের অভিযোগ তোলেন। এক অভিনেত্রীর সঙ্গে বিজয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও করেছিলেন তিনি।
পাশাপাশি স্থায়ী ভরণপোষণ ও বসবাসের অধিকার দাবি করেছিলেন সঙ্গীতা।
তবে পরে সেই অবস্থান থেকে সরে আসেন তিনি। গত ৭ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে বিচ্ছেদের আবেদন প্রত্যাহারের কথা জানান সঙ্গীতা।
১৯৯৯ সালে বিজয় ও সঙ্গীতার বিয়ে হয়। তাদের দুই সন্তান—জেসন সঞ্জয় ও দিব্যা শাশা। এবার ছেলের পরিচালনায় প্রথম সিনেমার প্রদর্শনীতে মেয়েকে নিয়ে সঙ্গীতার উপস্থিতি নতুন করে তাদের পারিবারিক সম্পর্ক নিয়ে আগ্রহ তৈরি করেছে।


