Homeবিনোদন১০ বছরের পথচলা শেষে আলাদা পথে প্রীতম-শাহতাজ

১০ বছরের পথচলা শেষে আলাদা পথে প্রীতম-শাহতাজ

পারস্পরিক বোঝাপড়া ও পরিবারের সম্মতিতে সিদ্ধান্ত; চলছে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া

বিনোদন প্রতিনিধি:

দীর্ঘ এক দশকের সম্পর্কের পর আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম ও শাহতাজ। পারস্পরিক বোঝাপড়া ও পরিবারের সম্মতির ভিত্তিতে তারা বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন।

বিবৃতিতে তারা জানান, সময়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা ও দীর্ঘ ভাবনাচিন্তার পর তারা উপলব্ধি করেছেন, আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।

তাদের ভাষ্য অনুযায়ী, বিচ্ছেদের সিদ্ধান্তটি আকস্মিক নয়। নিজেদের মধ্যে আলোচনা করার পাশাপাশি পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে। জীবনের পরবর্তী অধ্যায়ে দুজন আলাদাভাবে এগিয়ে যেতে চান বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন তারা।

তবে সম্পর্কের ইতি টানলেও একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রীতম ও শাহতাজ। একই সঙ্গে ভবিষ্যতেও একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা বজায় থাকবে বলে জানিয়েছেন তারা।

বিচ্ছেদের এই সময়ে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখাতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। নিজেদের অনুভূতি ও পরিস্থিতিকে সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করার আহ্বানও জানিয়েছেন এই দম্পতি।

প্রীতম ও শাহতাজের সম্পর্কের শুরু এক দশক আগে। দীর্ঘ সম্পর্কের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পরও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও স্মৃতি প্রকাশ করতে দেখা গেছে তাদের।

যৌথ বিবৃতির শেষাংশে এতদিন তাদের পাশে থাকা এবং ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রীতম ও শাহতাজ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments