সিএনএস টুয়েন্টি ফোর নিউজ ডেস্ক:
স্মার্টফোন হারানো মানেই শুধু একটি দামি ডিভাইস হারানো নয়। আপনার ফোনে থাকতে পারে ব্যক্তিগত ছবি-ভিডিও, গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকিং তথ্য, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট কিংবা নানা ধরনের পাসওয়ার্ড। ফোনটি যদি ভুল কারও হাতে পড়ে, তাহলে এসব তথ্য ঘিরে তৈরি হতে পারে বড় ধরনের নিরাপত্তাঝুঁকি।
তাই ফোন হারানোর পর দুশ্চিন্তা করার চেয়ে হারানোর আগেই কয়েকটি নিরাপত্তাব্যবস্থা চালু করে রাখা বুদ্ধিমানের কাজ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিআইও ডটকমের পরামর্শ অনুসারে, স্মার্টফোন নিরাপদ রাখতে আগে থেকেই যে সাতটি কাজ করে রাখতে পারেন,
ফোনে পাসওয়ার্ড, পিন, প্যাটার্ন বা বায়োমেট্রিক লক ব্যবহার করুন। সহজে অনুমান করা যায়, এমন পিন বা পাসওয়ার্ড ব্যবহার না করাই ভালো।
কারণ ফোন অন্যের হাতে গেলেও শক্তিশালী লক থাকলে ভেতরের তথ্য সহজে দেখা বা বিভিন্ন অ্যাপে প্রবেশ করা কঠিন হবে। কয়েক সেকেন্ডের এই নিরাপত্তাব্যবস্থাই ফোন হারানোর পর আপনার ব্যক্তিগত তথ্য রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।
ফোন হারালে ডিভাইসের পাশাপাশি গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও, যোগাযোগের নম্বর ও নথিও হারিয়ে যেতে পারে। তাই নিয়মিত এসব তথ্যের ব্যাকআপ রাখুন।
ক্লাউড স্টোরেজ, কম্পিউটার বা নিরাপদ অন্য কোনো মাধ্যমে প্রয়োজনীয় তথ্যের কপি রাখা যেতে পারে। এতে ফোন হারালেও সব তথ্য একেবারে হারিয়ে যাওয়ার আশঙ্কা কমবে।
ফোনটি যদি কোনো সৎ ব্যক্তি খুঁজে পান, তিনি যেন সহজে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেজন্য লক স্ক্রিনে বিকল্প একটি ফোন নম্বর বা ছোট বার্তা রাখা যেতে পারে।
যেমন লিখতে পারেন, ‘ফোনটি পাওয়া গেলে অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করুন।’
তবে ব্যক্তিগত ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর বা অন্য কোনো সংবেদনশীল তথ্য লক স্ক্রিনে দেওয়া উচিত নয়।
ফোন হারানোর পর সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হতে পারে, প্রয়োজনীয় নম্বরগুলোও আর হাতে না থাকা।
তাই পরিবারের সদস্য, কাছের বন্ধু, কর্মস্থল, মোবাইল অপারেটরের গ্রাহকসেবা এবং প্রয়োজনীয় ব্যাংক বা প্রতিষ্ঠানের কয়েকটি নম্বর ফোনের বাইরে সংরক্ষণ করুন। কাগজে লিখে মানিব্যাগে রাখা বা অন্য নিরাপদ মাধ্যমে সংরক্ষণ করা যেতে পারে।
আধুনিক স্মার্টফোনে সাধারণত হারিয়ে যাওয়া ফোন শনাক্ত করা এবং প্রয়োজনে দূর থেকে ফোনের তথ্য মুছে ফেলার সুবিধা থাকে।
তবে এসব সুবিধা ফোন হারানোর পর চালু করার সুযোগ নাও থাকতে পারে। তাই আগে থেকেই ফোনের সংশ্লিষ্ট সেটিংস পরীক্ষা করে Find My Device/Find My ধরনের সুবিধা চালু রাখুন।
ফোন হারালে প্রথমে সেটির অবস্থান শনাক্ত করার চেষ্টা করা যেতে পারে। ফোন ফেরত পাওয়ার সম্ভাবনা না থাকলে এবং তথ্যের নিরাপত্তা ঝুঁকিতে পড়লে দূর থেকে তথ্য মুছে ফেলার সুবিধাও কাজে আসতে পারে।
ফোনে যত বেশি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, সেটি হারালে ঝুঁকিও তত বাড়বে।
বিশেষ করে ‘Password’ নামে কোনো সাধারণ নোট বা ফাইলে সব পাসওয়ার্ড লিখে রাখা বিপজ্জনক। প্রয়োজন হলে নিরাপদ পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন।
একইভাবে যেসব অ্যাপে ক্রেডিট কার্ড বা অন্যান্য অর্থ পরিশোধের তথ্য সংরক্ষিত থাকে, সেগুলোর নিরাপত্তা সেটিংসও নিয়মিত পরীক্ষা করুন। অপ্রয়োজনীয় অ্যাপে স্বয়ংক্রিয় লগইন বা পেমেন্টের সুবিধা বন্ধ রাখা ভালো।
ফোনে পাসওয়ার্ড থাকলেই সব তথ্য নিরাপদ, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। বিশেষ করে ফোনে আলাদা মেমোরি কার্ড থাকলে সেখানকার তথ্যও সুরক্ষিত রাখা দরকার।
কার্ড খুলে অন্য ডিভাইসে ব্যবহার করে এতে থাকা তথ্য দেখার চেষ্টা করা যেতে পারে। তাই গুরুত্বপূর্ণ তথ্য মেমোরি কার্ডে রাখলে সেটির নিরাপত্তা ও সংকেতায়নের (এনক্রিপশন) সুবিধা আছে কি না, তা যাচাই করে নিন।
স্মার্টফোন হারানো সব সময় ঠেকানো সম্ভব নয়। কিন্তু ফোন হারানোর পর যাতে ব্যক্তিগত তথ্য, ছবি, নথি কিংবা অর্থ পরিশোধের তথ্য অন্যের হাতে না যায়, সে প্রস্তুতি আগে থেকেই নেওয়া যায়।
একটি শক্তিশালী লক, নিয়মিত ব্যাকআপ, ফোন খুঁজে পাওয়ার সুবিধা এবং সংবেদনশীল তথ্য ব্যবহারে সতর্কতা, এই ছোট ছোট পদক্ষেপই ফোন হারানোর পর বড় বিপদ অনেকটাই ঠেকাতে পারে।



