নিজস্ব প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ বিষপান করে মারা গেছেন। নিহত ঝুমুর খানম সেতু (২৭) সোমবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবারের অভিযোগ, বিষপানের আগে কুয়েতপ্রবাসী স্বামী শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের সঙ্গে ভিডিওকলে কথা বলছিলেন ঝুমুর। ওই সময় স্বামী তাকে বিষপান করে মারা যেতে বলেন। এরপর ভিডিওকল চালু রেখেই তিনি বিষপান করেন।
নিহতের স্বজনদের বরাতে জানা যায়, রোববার রাত ১১টার দিকে বিষপানের পর গুরুতর অবস্থায় ঝুমুরকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝুমুর গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী গ্রামের মৃত হারুন কাজীর ছেলে কুয়েতপ্রবাসী শাহারিয়া কাজীর স্ত্রী। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
ঝুমুরের বাবা করিম খান অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে স্বামী ও শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য বিভিন্ন কারণে মানসিকভাবে নির্যাতন করতেন। বিয়ের সময় পর্যাপ্ত মালামাল না দেওয়া, বরযাত্রীর সংখ্যা কম হওয়া এবং চেহারা নিয়ে কটূক্তি করার মতো বিষয় নিয়েও তাকে দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি।
করিম খানের দাবি, একপর্যায়ে ঝুমুরকে মেয়েসহ স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে মেয়েকে নিয়ে বসবাস করছিলেন।
ঘটনার রাতে স্বামীর সঙ্গে ভিডিওকলের সময় কী ঘটেছিল, সে বিষয়ে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


