ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় একটি কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সাদেকপুর ইউনিয়নের দামচাইল ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে দামচাইল এলাকা থেকে একটি কুকুর হাঙমারা মসজিদ ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে থাকে। একপর্যায়ে এটি পথচারীদের ধাওয়া করে কামড়াতে শুরু করে। এতে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয় লোকজন কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
আহতদের মধ্যে তারিফ (২০), সালমান (৪), বায়েজিদ (১১), তারিন (১৬), আশরাফুল (১২), তসিবা (৯), রবিউল্লাহ (৪০), জামাল (৪৫), আব্দুল বাসার (৭০), নুর আলম (৪০), ইয়াসমিন (৩৫), তোফাজ্জল (১৭) ও সাফিয়া (৩২) রয়েছেন। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, কুকুরের কামড়ে আহত হয়ে যারা হাসপাতালে এসেছেন, তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে বলেও জানান তিনি।


