ক্রীড়া ডেস্ক:
ম্যাচ শুরুর আগে নিরাপত্তা সতর্কতায় প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে দুই দলকে। তবে মাঠে নেমে গোল করতে দেরি করেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর গোলের পাশাপাশি সতীর্থদের নৈপুণ্যে উজবেকিস্তানের নেফতচিকে ৩-১ গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আল-নাসর।
সোমবার (১২ অক্টোবর) রাতে রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে আল-নাসরের হয়ে দ্বিতীয় গোলটি করেন ৪১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। এই গোলের মধ্য দিয়ে তাঁর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮১-এ। ঐতিহাসিক এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে এখন তাঁর প্রয়োজন আর মাত্র ১৯ গোল।
ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে নিরাপত্তা সতর্কতা জারি হওয়ায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কাকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগের কারণে কিক-অফ পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত প্রায় এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ।
মাঠের বাইরের এই অনিশ্চয়তা অবশ্য আল-নাসরের খেলায় প্রভাব ফেলেনি। ম্যাচের ৩৩ মিনিটে অ্যাঞ্জেলোর গোলে এগিয়ে যায় সৌদি ক্লাবটি। নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
সাদিও মানের বাড়ানো ক্রস থেকে আইমান ইয়াহইয়া বলটি রোনালদোর সামনে পৌঁছে দেন। সুযোগ কাজে লাগিয়ে নিচু শটে জাল খুঁজে নেন পর্তুগিজ তারকা। তাঁর এই গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল-নাসর।
দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নেফতচি। বিরতির পর ছয় মিনিটের মাথায় আলিশের ওদিলভ গোল করে ব্যবধান কমান ২-১-এ।
তবে ৬৫ মিনিটে ইকরমজন আলিবায়েভ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় নেফতচি। একজন বেশি নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে ৭৮ মিনিটে ব্যবধান বাড়ায় আল-নাসর। আনভারজন গোফুরভের আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
এই জয়ে দলের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত মাইলফলকের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো। ক্যারিয়ারে এক হাজার গোল করার লক্ষ্য পূরণে এখন বাকি মাত্র ১৯টি গোল।



