নিজস্ব প্রতিনিধি:
দীর্ঘস্থায়ী ব্যাটারি, পানি ও ধুলাবালি প্রতিরোধী সুরক্ষা এবং টেকসই নকশার বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ওয়াই৩২ উন্মোচন করেছে ভিভো। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং পেশাজীবীদের দৈনন্দিন ব্যবহারের কথা বিবেচনায় রেখে ফোনটি বাজারে আনা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
ভিভোর তথ্য অনুযায়ী, ওয়াই৩২ মডেলে রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার-ঘণ্টা (এমএএইচ) ধারণক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি। এতে দীর্ঘ সময় চার্জ ধরে রাখার পাশাপাশি ছয় বছর পর্যন্ত ব্যাটারির স্বাস্থ্য সুরক্ষার প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ফোনটি ৩৬ ঘণ্টা পর্যন্ত কল করার সুবিধা দিতে পারে। এ ছাড়া একটানা ১৪ ঘণ্টা নেভিগেশন এবং ২০ ঘণ্টা স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখার সুবিধা রয়েছে।
ফোনটির সুরক্ষাব্যবস্থায় রয়েছে অ্যান্টি-ড্রপ আর্মার প্রযুক্তি এবং পানি ও ধুলাবালি প্রতিরোধী আইপি৬৯ রেটিং। এসব বৈশিষ্ট্য দৈনন্দিন ব্যবহারে দুর্ঘটনাজনিত ক্ষতি ও প্রতিকূল পরিবেশের ঝুঁকি মোকাবিলায় সহায়ক হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিজাইনের ক্ষেত্রে ওয়াই৩২ মডেলে রয়েছে ধাতব আবহের ক্যামেরা নকশা ও ডায়নামিক নোটিফিকেশন লাইট। ফোনটি টোয়াইলাইট রেড ও সানসেট অরেঞ্জ—এই দুই রঙে পাওয়া যাচ্ছে।
ক্রেতাদের জন্য কিস্তিতে কেনার সুবিধাও ঘোষণা করেছে ভিভো। নির্দিষ্ট শর্তে ২০ শতাংশ অগ্রিম মূল্য পরিশোধ করে সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে ফোনটি কেনা যাবে।
এ ছাড়া লাকি ড্রয়ের মাধ্যমে ক্রেতাদের রিরো প্যাড, ডব্লিউ২০ স্মার্টওয়াচ, এস৯০ পাওয়ার ব্যাংক অথবা চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি জেতার সুযোগ থাকছে। যোগ্য গ্রাহকদের জন্য নিশ্চিত উপহার হিসেবে দেওয়া হবে সিলভার মেম্বারশিপ।
তবে নতুন মডেলটির দাম ও বাজারে বিক্রির বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।



