Homeআন্তর্জাতিকসৌদি আরবকে সামরিক সহায়তার অনুমতি পেলেন মিসরের প্রেসিডেন্ট

সৌদি আরবকে সামরিক সহায়তার অনুমতি পেলেন মিসরের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার মধ্যে সৌদি আরবের অনুরোধে দেশটিকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন পেয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সোমবার (২৬ অক্টোবর) পার্লামেন্টের স্পিকার হিশাম বাদাওয়ির সভাপতিত্বে অনুষ্ঠিত ভোটে এ অনুমোদন দেওয়া হয়।

পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরব সহায়তা চাইলে দেশটির আত্মরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে সিসিকে। সূত্র: আল-জাজিরা

এ সিদ্ধান্তের ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় অঞ্চল ও লোহিত সাগরজুড়ে ছড়িয়ে পড়া সংঘাতে মিসরের সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে রিয়াদ কী ধরনের সহায়তা চাইবে এবং কায়রো কীভাবে সাড়া দেবে, তা এখনো স্পষ্ট নয়।

লন্ডনের কিংস কলেজের জ্যেষ্ঠ গবেষক নওয়াফ ওবাইদ আল-জাজিরাকে বলেন, সৌদি কর্মকর্তারা প্রয়োজনের সময় মিসরকে পাশে পাওয়ার আশ্বাস চেয়েছিলেন। তাঁর মতে, পার্লামেন্টের এ ভোটের মাধ্যমে কায়রো জানিয়ে দিয়েছে, সৌদি আরবের প্রয়োজন হলে তারা দেশটির পাশে থাকবে।

সম্প্রতি সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনায় হুথিদের হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। এসব হামলায় বিমান চলাচল ও তেল রপ্তানি ব্যাহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণে থাকা হুথি সশস্ত্র গোষ্ঠী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করছে। সাম্প্রতিক সময়ে সংঘাত তীব্র হওয়ায় দীর্ঘদিন ধরে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের মানবিক সংকট আরও গভীর হয়েছে।

গত বুধবার সিসি বলেন, মিসর সামরিক পদক্ষেপ নিলে তা সৌদি আরবের ভূখণ্ড ও সীমান্ত রক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ইয়েমেনে হামলা চালানোর উদ্দেশ্যে মিসর সামরিক অভিযান পরিচালনা করবে না বলেও জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments