Homeজাতীয়ইকবাল সোবহান চৌধুরীর আটক নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইকবাল সোবহান চৌধুরীর আটক নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী আটক হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া পর্যালোচনা সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি তিনি (ইকবাল সোবহান চৌধুরী) আটক হয়ে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।’

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সময় চ্যানেলটির বিশেষ প্রতিবেদক রাজীব ঘোষকেও হেফাজতে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘একটি পরিস্থিতির উদ্ভব হওয়ায় ইকবাল সোবহান চৌধুরী ও আরেকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ তাঁদের সঙ্গে কথা বলছে।’

ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁকে দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি।

তাঁর বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের আমলে একাধিক গণহত্যায় ইন্ধন ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়ার বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments