Homeবিবিধটপ ফাইভতানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

নিজস্ব প্রতিনিধি:

অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনের সালিশ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন না করা এবং একাধিক চিঠির জবাব না দেওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনের ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, তানজিন তিশার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, অভিনয়শিল্পীদের পারস্পরিক দ্বন্দ্ব নিরসনে সংগঠনের একটি স্বাধীন ও সার্বভৌম সালিশ কমিটি রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট দুই পক্ষকে সালিশের জন্য ডাকা হয়েছিল। সেখানে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, তাদের ক্ষমা চেয়ে বিবৃতি দিতে হবে এবং একটি ভিডিও বার্তা পাঠাতে হবে। সেটি প্রকাশ করা হবে কি না, তা সংগঠনের নিজস্ব সিদ্ধান্তের বিষয় ছিল।

তবে পরবর্তী সময়ে কোনো পক্ষই সিদ্ধান্ত দুটি বাস্তবায়ন করেনি। তাদের পরপর দুটি চিঠি দেওয়া হলেও কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। এমনকি চিঠিগুলো ফেরত আসে।

রাশেদ মামুন অপু আরও বলেন, পরবর্তী সময়ে ফোনেও যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু সেখান থেকেও কোনো সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি। দীর্ঘ বিরতির পর সালিশ কমিটি বাধ্য হয়ে তাদের সদস্যপদ বাতিলের সুপারিশ করে। পরে কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সুপারিশ গৃহীত হয়।

তিনি বলেন, অভিনয়শিল্পী সংঘ যেকোনো মূল্যে কর্মস্থল ও কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ভালোবাসা অটুট রাখার আহ্বান জানান তিনি।

গত ৪ অক্টোবর তানজিন নাহার তিশার কাছে পাঠানো চিঠিতে সদস্যপদ স্থগিতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে ওই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি সংগঠনের কার্যালয়ে কোনো লিখিত জবাব জমা দেননি।

এ অবস্থায় সালিশ কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত এবং সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়টি তাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments