Homeবিবিধটপ ফাইভঅভিনেত্রী সামিরা খান মাহি হলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’

অভিনেত্রী সামিরা খান মাহি হলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’

নিজস্ব প্রতিনিধি:

ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন। শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলার স্থলাভিষিক্ত হলেন তিনি। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি।

বিজয়ীর নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। পরে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। এ সময় দুজনের আলিঙ্গন ও একসঙ্গে মঞ্চে হাঁটার মুহূর্ত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের অফ-শোল্ডার মারমেইড গাউন। এতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে মিথিলার সাজে প্রাধান্য পেয়েছিল হালকা নীল ও সিলভার রং। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জা। এ ছাড়া চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ মডেল ও কোরিওগ্রাফাররা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর পুয়ের্তো রিকোতে শুরু হবে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সামিরা খান মাহি।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মাহি বলেন, তাঁর বাবা-মা তাঁকে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। দেশের মানুষের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চান। তাঁর ভাষায়, ‘আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’

এর আগে ২০২৫ সালে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের ইতিহাসে সেটিই ছিল বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন মিথিলা।

মিথিলার সাফল্যের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য নতুন অর্জন বয়ে আনার প্রত্যাশা সামিরা খান মাহির।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments