Homeঅর্থনীতিনিত্যপণ্যের বাজারে দেশজুড়ে অভিযান, ৯০ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে দেশজুড়ে অভিযান, ৯০ প্রতিষ্ঠানকে জরিমানা

৩১ জেলায় ৪২টি টিমের অভিযান; মোট জরিমানা ৭ লাখ ৯১ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি:

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে দেশব্যাপী বিশেষ বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে ৩১ জেলায় ৯০টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৭ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ দেশের ৩১ জেলায় অধিদপ্তরের ৪২টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে।

অধিদপ্তর জানায়, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামের বেশি মূল্যে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধে এ অভিযান চালানো হয়। এ ছাড়া নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রি প্রতিরোধ এবং হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধিবিধান মানা হচ্ছে কি না, তাও তদারকি করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণের পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

অভিযানে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

এদিকে, ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান জানিয়েছে অধিদপ্তর। অতিরিক্ত কেনাকাটা বাজারে কৃত্রিম সংকট তৈরিতে ভূমিকা রাখতে পারে বলে সতর্ক করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments