Homeজাতীয়অনলাইন নিউজ পোর্টালকে ফ্যাসিবাদবিরোধী দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রতিমন্ত্রীর

অনলাইন নিউজ পোর্টালকে ফ্যাসিবাদবিরোধী দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি:

সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার অর্জনে মানুষের আত্মত্যাগের বিষয়টি বিবেচনায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেছেন, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত মানদণ্ড বজায় রাখতে হবে। মানসম্মত সংবাদ ও ভালো কনটেন্ট নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানে পেশাদার ও দক্ষ সাংবাদিকদের সম্পৃক্ত করা জরুরি।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় অনলাইন নিউজ পোর্টালগুলোর পক্ষ থেকে বিজ্ঞাপন, সরকারি ক্রোড়পত্রের ডিজিটাল সংস্করণ, পোর্টাল অডিট এবং নিবন্ধন নবায়ন ফি বাতিলসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী বলেন, দাবিগুলোর অধিকাংশই যৌক্তিক। তবে নতুন সরকারের পক্ষে একদিনে সব দাবি বাস্তবায়ন সম্ভব নয়। সরকার অনলাইন গণমাধ্যমকে সহযোগিতা করতে চায়।

তিনি আরও বলেন, অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করা হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট উপদেষ্টাকে নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে নীতিমালা তৈরির আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে।

ওনাব সভাপতি মোস্তফা কামাল মজুমদার বলেন, নিবন্ধিত ও সরকারি নিয়মনীতি অনুসরণকারী অনলাইন পোর্টালগুলোর টিকে থাকার জন্য বিজ্ঞাপনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা দরকার।

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা (রনো) প্রতিবছর নিবন্ধন নবায়নের পরিবর্তে অডিটের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সরকারি বিজ্ঞাপন প্রদান এবং মালিকানা ও উত্তরাধিকার সংক্রান্ত সুস্পষ্ট আইন বা নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি।

সভায় সংগঠনের সহসভাপতি লতিফুল বারী হামিম, সাবেক সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীসহ নির্বাহী কমিটির সদস্যরা বক্তব্য দেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments