Homeবিবিধটপ ফাইভকেবিসির বিতর্কিত ভিডিও ঘিরে আইনি নোটিশ পেলেন অমিতাভ বচ্চন

কেবিসির বিতর্কিত ভিডিও ঘিরে আইনি নোটিশ পেলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) ১৮-এর একটি বিতর্কিত ভিডিও ঘিরে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ভিডিওতে পাঞ্জাবকে নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগ তুলে অভিনেতা ও অনুষ্ঠানটির সম্প্রচারক সোনি টিভিকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের পাঞ্জাবের সংগরুরের এক আইনজীবী।

ইন্দ্রজিৎ অরোরা নামের ওই আইনজীবীর অভিযোগ, অনুষ্ঠানে পাঞ্জাবের একটি পুলিশস্টেশনে বোমা হামলা নিয়ে করা প্রশ্ন রাজ্যটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তিনি ভিডিওটি জাতীয় সংবাদমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি, সেটি সত্যিই অনুষ্ঠানের অংশ হলে অমিতাভ বচ্চন ও সোনি টিভিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, তিন-চার দিন আগে তাঁর এক মক্কেল তাঁকে ভিডিওটি ও কয়েকটি স্ক্রিনশট দেখান। সেখানে ১২ লাখ ৫০ হাজার রুপির একটি প্রশ্নে জানতে চাওয়া হয়, সম্প্রতি ভারতের কোন রাজ্যে অপরাধীরা নির্ভয়ে একটি পুলিশস্টেশনে বোমা হামলা চালিয়েছে? উত্তরের বিকল্প হিসেবে উত্তরপ্রদেশ, ছত্তীসগড়, পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের নাম দেওয়া হয়েছিল।

ভিডিওতে দেখা যায়, ৫০:৫০ লাইফলাইন ব্যবহারের পর অমিতাভ বচ্চন পাঞ্জাবকে সঠিক উত্তর হিসেবে ঘোষণা করেন বলে দাবি করা হয়েছে।

অরোরা বলেন, ‘আমার মনে হয়নি এটি সাধারণ জ্ঞানের প্রশ্ন। বরং একটি রাজ্যের মানহানি করার সরাসরি চেষ্টা। এই কারণেই আমি সোনি টিভি এবং অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ পাঠিয়েছি। ভিডিওটি জাতীয় সংবাদমাধ্যম থেকে অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছি। আর যদি এটি তাঁদের অনুষ্ঠানের অংশ হয়, তাহলে তাঁদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’

এদিকে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আইনজীবী জানিয়েছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে।

তবে ভিডিওটির সত্যতা এবং এটি কেবিসির প্রকৃত সম্প্রচারের অংশ কি না, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments