মাদারীপুর প্রতিনিধি:
একসময় মাদারীপুরের ৫৮টি ইউনিয়নে প্রায় ১২ লাখ খেজুর গাছ ছিল। এসব গাছ থেকে প্রতি মৌসুমে উৎপাদিত হতো প্রায় ১৮ কোটি টাকার খেজুরের গুড়। এ শিল্পকে ঘিরে কর্মসংস্থান হয়েছিল প্রায় ৩০ হাজার পরিবারের। কিন্তু সময়ের সঙ্গে আশঙ্কাজনকভাবে কমেছে খেজুর গাছের সংখ্যা। সংকুচিত হয়েছে রস ও গুড় উৎপাদন। জীবিকার পথ হারিয়ে অনেক গাছি পেশা বদলে রিকশা চালানোসহ নানা কাজে যুক্ত হচ্ছেন।
গাছের সংকটের পাশাপাশি মাদারীপুরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের স্বাদ ও মান নিয়েও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, খাঁটি খেজুরের রসের স্বল্পতার কারণে কোনো কোনো ক্ষেত্রে গুড় তৈরিতে চিনি ও রাসায়নিক উপাদান মেশানো হচ্ছে। এতে ঐতিহ্যবাহী এই খাদ্যপণ্যের স্বাভাবিক স্বাদ ও গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় জেলার গ্রাম ও শহরের বিভিন্ন সড়কের পাশে সারি সারি খেজুর গাছ দেখা যেত। এখন সেই দৃশ্য অনেকটাই হারিয়ে গেছে। সড়ক সম্প্রসারণ, উন্নয়নকাজ এবং ইটভাটায় জ্বালানি হিসেবে খেজুর গাছ ব্যবহারের কারণে গাছের সংখ্যা কমেছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে একদিকে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, অন্যদিকে সংকটে পড়ছে ঐতিহ্যবাহী গুড়শিল্প।
খেজুরের রস, গুড় ও পাটালি একসময় বাংলার শীতকালীন খাদ্যসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ ছিল। গাছের সংখ্যা কমে যাওয়ায় রস সংগ্রহের কাজেও ভাটা পড়েছে। ফলে গাছিরা পেশা বদলাতে বাধ্য হচ্ছেন। কেউ রিকশা চালাচ্ছেন, কেউ যুক্ত হচ্ছেন অন্য পেশায়। আগে ভোরে গাছিরা বাড়ি বাড়ি ও সড়কের পাশের গাছ থেকে রস সংগ্রহ করে মাটির হাঁড়িতে করে বাজারে নিয়ে যেতেন। এখন শহরাঞ্চলে গাছি খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়েছে।
তবে উৎপাদন কমলেও মাদারীপুর সদর, কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলায় খেজুরের রস থেকে তৈরি ঐতিহ্যবাহী মধুখণ্ড ও পাটালি গুড়ের চাহিদা রয়েছে। স্থানীয়দের দাবি, জেলার এই গুড়ের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি ইতালি, দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, লন্ডন, কুয়েত, ভারত, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এ গুড় পাঠানো হচ্ছে।
আগে পাটালি গুড়ের ছোট ছোট খণ্ড বেশি প্রচলিত ছিল। এখন আড়াই থেকে পাঁচ কেজি ওজনের থালার মতো বড় আকৃতির পাটালিও জনপ্রিয়তা পেয়েছে। স্থানীয়ভাবে এটি ‘মধুখণ্ড’ নামে পরিচিতি পাচ্ছে। সরাসরি বিক্রির পাশাপাশি আত্মীয়স্বজন ও পরিচিতদের কাছে কুরিয়ার ও ডাকযোগেও পাঠানো হচ্ছে এসব গুড়।
মাদারীপুর শহরের পুরানকোর্ট এলাকায় শীত মৌসুমে পাটালি গুড়ের জমজমাট বেচাকেনা হয়। সকাল থেকে রাত পর্যন্ত চলে বিক্রি। তবে এখন পুরানবাজার, ইটেরপুল, চৌরাস্তা ও মোস্তফাপুরসহ শহরের বিভিন্ন বাজারেও গুড় পাওয়া যাচ্ছে।
পুরানকোর্ট এলাকায় গুড় কিনতে আসা এনামুল হোসেন বলেন, ‘বর্তমানে গুড়ের গুণগত মান কমে গেছে। চিনি দিয়ে গুড় বানানোর ফলে আগের মতো সেই স্বাদ আর পাওয়া যায় না।’
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকার পাটালি গুড় বিক্রেতা জয়নাল হোসেন বলেন, ‘আগে দাম অনেক কম ছিল। তবে এখন জ্বালানির সংকট থাকায় বেশি দামে পাটালি গুড় বিক্রি করতে হচ্ছে। তাছাড়া গাছ কমে যাওয়ায় গাছিদের কাছ থেকে চড়া দামে রস কিনে গুড় বানাতে হচ্ছে।’
গুড় বিক্রেতা সোবাহান হোসেন জানান, বর্তমানে প্রকারভেদে প্রতি কেজি পাটালি গুড় ২০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হলেও ক্রেতারা পছন্দের গুড় কিনছেন। শীতের তীব্রতা বাড়লে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন তিনি।
গাছি আনোয়ার হোসেন, দুলাল, কাশেম ও ফজলসহ কয়েকজন জানান, একসময় খেজুরের রস ও গুড় বিক্রি করে ভালো আয় হতো। কিন্তু ইটভাটায় জ্বালানি হিসেবে খেজুর গাছ ব্যবহারের কারণে গাছের সংখ্যা কমছে। এখন এ পেশায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে অন্য পেশায় যেতে হচ্ছে।
গাছি কালাম মুন্সি বলেন, ‘আগে রাস্তার পাশে অনেক খেজুর গাছ ছিল। এখন নেই। তাই এ পেশা ছেড়ে দিয়েছি।’
মাদারীপুরভিত্তিক পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব নেচারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদ বলেন, ‘মাদারীপুরের মাটি খেজুর গাছ জন্মানোর জন্য উপযোগী জায়গা। এখানে অযত্ন-অবহেলায় বেড়ে ওঠা গাছগুলোর রস থেকেই গুড় তৈরি হচ্ছে। যদি এখানে আলাদাভাবে খেজুর গাছ চাষ করা হয়, তবে এখানকার বেকার যুবকদের কর্মসংস্থান হবে। গুড় রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।’
মাদারীপুর সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. আল-আমিন বলেন, ‘সাধারণত মাদারীপুরে প্রাকৃতিকভাবেই খেজুর গাছ জন্ম নেয় ও বেড়ে ওঠে। এ জেলায় এর আলাদা কোনো চাষাবাদ নেই। যে কারণে প্রতিনিয়ত যে হারে খেজুর গাছ ধ্বংস হচ্ছে, সে হারে জন্ম নিচ্ছে না। এ কারণেই আশঙ্কাজনক হারে গাছ কমছে। ঐতিহ্য ধরে রাখতে বেশি বেশি খেজুর গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হলে আবার হয়তো ফিরে পাবে তার ঐতিহ্য।’



