Homeপ্রধান সংবাদ‘ধারণা ছিল, কবিরা বোধহয় ছয় মাস গোসল করেন না’: রিজভী

‘ধারণা ছিল, কবিরা বোধহয় ছয় মাস গোসল করেন না’: রিজভী

নিজস্ব প্রতিনিধি:

কবিতার জগতে কে বড় কবি আর কে ছোট—এমন কোনো বিভাজন নেই। প্রত্যেক কবিই নিজস্ব জগতের সম্রাট হয়ে বিচরণ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ছোটবেলায় তাঁর ধারণা ছিল, কবিরা সাধু-সন্ন্যাসীদের মতো আত্মবিমোহিত মানুষ। তাঁদের চলাফেরা ও কথাবার্তা কিছুটা ভিন্ন ধরনের। এমনকি কবিরা বোধহয় ছয় মাস গোসলও করেন না—এমন ধারণাও ছিল তাঁর।

রোববার (২২ নভেম্বর) রাতে রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কবি রেজাউদ্দিন স্টালিনকে দেখে তাঁর সেই ধারণা বদলে গেছে। কবিরা যে স্মার্ট ও পরিচ্ছন্ন হতে পারেন, স্টালিন তার উদাহরণ। জীবনযাপন ও চলাফেরায় তিনি সমাজের একজন অগ্রগণ্য মানুষ।

নিজেকে কবিতা বা সাহিত্যের তাত্ত্বিক ব্যক্তি হিসেবে বিবেচনা করেন না উল্লেখ করে রিজভী বলেন, অনুষ্ঠানে শাহিন রেজা তাঁকে যেভাবে উপস্থাপন করেছেন, তিনি মোটেও কবিতা বা সাহিত্যের মানুষ নন। সাহিত্য ও কবিতা নিয়ে কীভাবে কথা বলতে হয়, সেই ব্যাকরণও তাঁর জানা নেই। সাহিত্য নিয়ে আলোচনা ও উপস্থাপনার আলাদা ধরন রয়েছে।

কবিতার প্রেরণা ও নারী প্রসঙ্গে নিজের এক শিক্ষকের পরামর্শের কথা তুলে ধরে তিনি বলেন, বিখ্যাত কবিদের অনেক সময় সতর্কভাবে চলতে হয়। কবিতা লেখার প্রেরণায় কবির অনেক নারী বন্ধু হতে পারেন। তবে তাঁর এক বাংলার শিক্ষক বলেছিলেন, কবিদের বেশি জড়িয়ে পড়া উচিত নয়। কবিতার প্রেরণায় নারীরা আসতে পারেন, কিন্তু বেশি গভীরে যাওয়া যাবে না। বেশি গভীরে গেলে কাব্যপ্রতিভা নষ্ট হয়ে যেতে পারে। বিষয়টি পুকুরে ঢিল ছুড়ে পাশ দিয়ে চলে যাওয়ার মতো সামলাতে হবে।

কবি স্টালিনের সামাজিক ও পারিবারিক জীবনের প্রশংসা করে রিজভী বলেন, সবার সঙ্গে তাঁর চমৎকার সম্পর্ক। কোনো বিখ্যাত প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে কাজ করলে তাঁর মতো যোগ্য কাউকে পাওয়া কঠিন হতো। তবে প্রচণ্ড সামাজিক হওয়া সত্ত্বেও দিনশেষে তিনি স্ত্রী ও কন্যার কাছেই ফিরে যান। আড্ডার মধ্যেও স্ত্রীর বাজারের নির্দেশনা—পেঁয়াজ, ছোট মাছ ও লবণ কেনার কথা তাঁর মনে থাকে। বাজার নিয়ে তাঁকে বাড়ি ফিরতে হয়। এটিও তাঁর অসাধারণ একটি গুণ।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, কবিতার গভীরে যেতে না পারলেও তিনি একজন কাব্যরসিক ও কাব্যপ্রেমী। এরশাদবিরোধী আন্দোলনের সময় এবং কারাবাসের দিনগুলোতে কবি মোহন রায়হানের উদ্দীপনামূলক কবিতা তাঁকে অনুপ্রাণিত করত। সে সময় ভিন্ন ভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁরা অভিন্ন লক্ষ্যে একত্রিত হয়েছিলেন। বন্ধু, সহপাঠী ও সহপাঠিনীদের মনোযোগ আকর্ষণ করতেও তিনি সেসব কবিতা আবৃত্তি করতেন।

কবি স্টালিনকে ‘স্বায়ত্তশাসিত ও সার্বভৌম’ কবি আখ্যা দিয়ে রিজভী বলেন, স্টালিন তাঁর কবিতায় এমন একটি অন্তর্জগৎ গড়ে তুলেছেন, যার প্রতিফলন প্রতিটি অক্ষর ও বাক্যে ফুটে ওঠে। নিজের সার্বভৌম সত্তাকে কখনো বিসর্জন দেননি বলেই তিনি নিজস্ব কাব্যধারা তৈরি করতে পেরেছেন।

বক্তব্যে ইংরেজ কবি পি বি শেলীর ‘Poets are the unacknowledged legislators of the world’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর হতে আহরি বচন / আনন্দলোকে করি বিরচন’ পঙক্তি উদ্ধৃত করেন রিজভী। তিনি বলেন, নিজের অন্তর থেকে বাণী আহরণ করে পাঠককে সেই আনন্দলোকে বিচরণ করানোর ক্ষমতাই একজন কবির বড় সার্থকতা।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments