Homeবিবিধনগরমানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

নিজস্ব প্রতিনিধি:

মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি মানবিক, সহমর্মিতাপূর্ণ ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে মানবিকতা, জনকল্যাণ ও উন্নয়ন সর্বাধিক গুরুত্ব পাবে। দেশের অগ্রগতি এবং মানুষের জীবনমান উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা-১৭ সংসদীয় আসনের গুলশান, বনানী, ভাসানটেক ও ক্যান্টনমেন্ট এলাকার মোট ১৬৫ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন ১০৭ জন দুস্থ ও অসহায় ব্যক্তি, দুজন মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নে সহায়তার জন্য ৪০ জন।

ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনের কাছে আর্থিক সহায়তার চেক ও নিমগাছের চারা তুলে দেন। এ সময় তিনি বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। মানুষের কল্যাণে পাশে থাকার অঙ্গীকার ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিজেদের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ স্থানীয় বিএনপি নেতারা।

এদিকে রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন ডা. জুবাইদা রহমান।

সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসা হবে সমাজের মূল ভিত্তি। দুর্যোগ ও সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন ডা. জুবাইদা রহমান।

এ সময় অগ্নিকাণ্ডে নিহত ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমান শুভ্রর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। তরুণ শাহরিয়ারকে ঘিরে পরিবারের স্বপ্ন ও প্রত্যাশা অগ্নিকাণ্ডের ঘটনায় থেমে যাওয়ায় দুঃখ প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা করেন।

পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতি সমবেদনা জানান তিনি। অনুষ্ঠানের শেষে শাহরিয়ার রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ভোরে রাজধানীর কড়াইলের টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমান শুভ্র নিহত হন। আগুনে সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও ঘর পুনর্নির্মাণে উদ্যোগ নেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments