Homeআন্তর্জাতিকককপিটে কো-পাইলটের হামলা, ফ্লাইট রক্ষা করলেন ভারতীয় ক্যাপ্টেন

ককপিটে কো-পাইলটের হামলা, ফ্লাইট রক্ষা করলেন ভারতীয় ক্যাপ্টেন

আন্তর্জাতিক ডেস্ক

দুবাই থেকে তেলআবিভগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে মাঝআকাশে ককপিটে সহ-পাইলটের সঙ্গে সহিংস সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েও বিমানটি বিপর্যয় থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।

ফ্লাইদুবাইয়ের এফজেড ১০৭৩ (FZ1073) ফ্লাইটে বুধবার এ ঘটনা ঘটে। বিমানটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের পর বিমানটি দ্রুত উচ্চতা হারায় এবং পরে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানে থাকা সব যাত্রী নিরাপদে বের হতে সক্ষম হন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কো-পাইলট বিমানের বিভিন্ন সিস্টেমে নাশকতার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। ক্যাপ্টেন মাচ্ছার তাকে বাধা দিতে গেলে দুজনের মধ্যে সংঘর্ষ হয় এবং ক্যাপ্টেন ছুরিকাঘাতে আহত হন। রক্তাক্ত অবস্থাতেও তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

ঘটনার সময় বিমানটি আকস্মিকভাবে ব্যাপক উচ্চতা হারায়। এনডিটিভির তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল এবং অল্প সময়ের মধ্যে প্রায় ১৪ হাজার ৩০০ ফুট নিচে নেমে যায়। অপর একটি প্রতিবেদনে মোট প্রায় ১৭ হাজার ৪০০ ফুট উচ্চতা পতনের কথা বলা হয়েছে।

এ সময় কেবিন ক্রু ও যাত্রীদের কয়েকজন ককপিটে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। বিমানে থাকা প্রশিক্ষিত পাইলটদের সহায়তায় শেষ পর্যন্ত বিমানটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়। পরে ফ্লাইটটি তাবুকের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং নিরাপদে অবতরণ করে।

ঘটনার শুরুতে বিমান থেকে ৭৭০০ জরুরি সংকেত পাঠানো হয়। পরে ৭৫০০ সংকেতও দেওয়া হয়, যা বিমানে বেআইনি হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। এ ঘটনায় প্রাথমিকভাবে বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হলেও পরবর্তী সময়ে ককপিটে দুই পাইলটের সহিংস সংঘর্ষের বিষয়টি সামনে আসে।

ঘটনার কারণ ও উদ্দেশ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ফ্লাইদুবাই জানিয়েছে, ককপিটে একটি ‘altercation’ বা সংঘর্ষের পর বিমানটি তাবুকে নিরাপদে অবতরণ করে এবং ঘটনার কারণ ও উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। একই সঙ্গে সংস্থাটি তদন্ত শেষ হওয়ার আগে কোনো ধরনের অনুমান না করার আহ্বান জানিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটির পর যাত্রী ও ক্রুদের সাহসিকতার প্রশংসা করেছেন। এনডিটিভি জানিয়েছে, আহত ক্যাপ্টেন মাচ্ছারকে যাত্রীরা বিমানের ভেতরেই সাহস জুগিয়েছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন।

ক্যাপ্টেন স্মিত মাচ্ছার একজন ভারতীয় নাগরিক এবং বোয়িং ৭৩৭ উড়োজাহাজ চালনায় তার ১৩ বছরের বেশি বাণিজ্যিক উড্ডয়ন অভিজ্ঞতা রয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আগে ভারতের স্পাইসজেটে কাজ করেছেন এবং পরে ফ্লাইদুবাইয়ে যোগ দেন। বোয়িং ৭৩৭ ফ্লিটে তার প্রায় ৯ হাজার ৭৫০ ঘণ্টার বেশি উড্ডয়ন অভিজ্ঞতা রয়েছে।

বর্তমানে ক্যাপ্টেন মাচ্ছার সৌদি আরবে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনায় জড়িত কো-পাইলটকে আটক করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ, উদ্দেশ্য এবং ককপিটে সংঘর্ষের পূর্ণাঙ্গ ক্রম উদঘাটনে তদন্ত চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments