Homeজাতীয়এ বছর ৪৩ লাখ কৃষক পাবেন কৃষক কার্ড: কৃষিমন্ত্রী

এ বছর ৪৩ লাখ কৃষক পাবেন কৃষক কার্ড: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছর দেশের ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কৃষক কার্ডের আওতায় থাকা কৃষকদের কৃষি উপকরণ কিনতে সরকারি সহায়তাও দেওয়া হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানী’ প্রদান অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, কৃষক কার্ড কর্মসূচির প্রাক-পাইলট পর্যায় সফলভাবে শেষ হওয়ার পর চলতি বছর পাইলট পর্যায়ে ৪৩ লাখ কৃষকের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষককে কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

এর মধ্যে ১ অক্টোবর ১ লাখ ৪৭ জন কৃষককে কৃষি উপকরণ কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। একই সঙ্গে ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষককে কৃষক কার্ডের মুদ্রিত কপি দেওয়া হবে।

কৃষিমন্ত্রী বলেন, ১ অক্টোবরের কর্মসূচিতে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলা যুক্ত থাকবে। এর মধ্যে ১৩টি উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ থাকবে এবং বাকি ৬৪টি উপজেলা অনলাইনে যুক্ত হবে।

তিনি বলেন, চলতি বছরের মধ্যে ধাপে ধাপে ৪৩ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড ও সংশ্লিষ্ট উপকরণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। পাশাপাশি আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশের সব কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কৃষি উপকরণ কেনায় সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধা ও সহায়তা আরও সহজে তাদের কাছে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।

এ সময় কৃষি সচিব মো. সেলিম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments