নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পর মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁও-১ আসনকে নিয়ে তাঁর একটি স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন পূরণে তিনি কাজ করতে চান। একই সঙ্গে নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে সক্রিয়তা দেখা যাচ্ছে।
এর আগে ১৫ সেপ্টেম্বর বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন মির্জা ফয়সল আমীন। তাঁর পাশাপাশি দলের আরও দুই নেতা—জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ—দলীয় মনোনয়ন ফরম নিয়েছিলেন। পরে বিএনপির মনোনয়ন বোর্ড মির্জা ফয়সল আমীনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করে।
অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক পৌর মেয়র। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এরপর আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
উপনির্বাচন সামনে রেখে এখন প্রার্থীদের প্রচার-প্রচারণা ও রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
