Homeবিবিধআইন আদালতশাড়ি কেলেঙ্কারিতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ালেন তানজিন তিশা

শাড়ি কেলেঙ্কারিতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ালেন তানজিন তিশা

নিজস্ব প্রতিনিধি:

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়িয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন বলে জানিয়েছেন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক।

মামলাটি অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়া এবং তা ফেরত বা মূল্য পরিশোধ না করার অভিযোগকে কেন্দ্র করে দায়ের করা হয়। ২০২৫ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটির প্রশাসক আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেন।

মামলার পর আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন আমলে নিয়ে আদালত তিশার বিরুদ্ধে সমন জারি করেন।

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিশা। পরে মামলাটি বিচারের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। পাশাপাশি ওই দিনই তিশার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার দিন নির্ধারিত ছিল।

আদালত সূত্রে জানা যায়, সকাল ১১টা ৪০ মিনিটে তিশা আদালতে পৌঁছান। কিছুক্ষণ পর শুনানি শুরু হলে তিনি আত্মসমর্পণ করে জামিন বর্ধিত করার আবেদন করেন। এ সময় তিনি বেঞ্চে বসে থাকলেও বাদীপক্ষের আইনজীবী তাকে কাঠগড়ায় দাঁড়ানোর অনুরোধ করেন। পরে তিশা কাঠগড়ায় গিয়ে দাঁড়ান।

শুনানিতে তিশার পক্ষে সিনিয়র আইনজীবী খোরশেদ আলম জামিন বর্ধিত করার আবেদন করেন। তিনি বলেন, তিশা এরই মধ্যে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন এবং সেই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হচ্ছে।

এ সময় বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল অভিযোগ করেন, জামিন পাওয়ার পর তিশা তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজ ব্যবহার করে আইনজীবী ও প্রতিষ্ঠান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন।

জবাবে আদালত অভিযোগ থাকলে তা লিখিত পিটিশন আকারে দাখিল করতে বলেন।

বাদীপক্ষের আইনজীবী আরও জানান, অভিযোগ গঠনের শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হবে এবং এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

অন্যদিকে, তিশার আইনজীবী খোরশেদ আলম মামলাটি থেকে অব্যাহতির আবেদন করার জন্য সময় চান। তিনি বলেন, আসামির অব্যাহতি পাওয়ার মতো যথেষ্ট আইনি ভিত্তি রয়েছে এবং পরবর্তী সময়ে এ বিষয়ে শুনানি করা হবে।

পরে আদালত তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়। তবে পরবর্তী তারিখ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

মামলার অভিযোগে বলা হয়েছে, ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটি পরিধান করে প্রতিষ্ঠানটির প্রচারে অংশ নেওয়া এবং এর মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। পরে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন মামলার বাদী।

তবে তানজিন তিশা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments