বিশেষ প্রতিনিধি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া ১২৮ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনে। এ সময়ের মধ্যে হাম আক্রান্ত হিসেবে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছেন মোট ২১ হাজার ৫১০ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৪৬৬ জন। এছাড়া দেশের অন্যান্য বিভাগেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলমান পরিস্থিতিতে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগীর সংখ্যা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।


