Homeপ্রধান সংবাদজামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক: রিজভী

জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক: রিজভী

  1. নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় ও জনগণের স্বার্থের পরিবর্তে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘কমল কুঁড়ি বিতর্ক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “জামায়াত কোনোদিনই জাতীয় ও জনগণের স্বার্থে রাজনীতি করেনি। তারা দলীয় স্বার্থে রাজনীতি করেছে। ৭১-এ তাই, ৮৬-তে তাই, ২৪-এ তাই।”

তিনি অভিযোগ করেন, জামায়াত সব সময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে গুরুত্ব দিয়েছে। অন্যদিকে বিএনপি রাষ্ট্র ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে বলে দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র বিলীন হয়ে গিয়েছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি আত্মত্যাগ করেছে এবং রক্তক্ষয়ী আন্দোলন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

রেমিট্যান্স শাটডাউনের হুমকির সমালোচনা করে রিজভী বলেন, কোনো ব্যক্তির অপরাধের মাত্রা বিবেচনা না করে একটি ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের নেতার পক্ষ থেকে রেমিট্যান্স বন্ধের কথা বলা হচ্ছে উল্লেখ করে তিনি এর বাস্তবতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, প্রবাসীরা স্বেচ্ছায় রেমিট্যান্স পাঠানো বন্ধ করলে সেটি এক বিষয়। কিন্তু বিদেশে কর্মরত সব বাংলাদেশি কি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী? প্রবাসীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক রয়েছেন, পাশাপাশি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, এমন মানুষও রয়েছেন।

রিজভী প্রশ্ন তোলেন, কোন ক্ষমতাবলে সবার রেমিট্যান্স বন্ধের উদ্যোগ নেওয়া হবে, তা স্পষ্ট করা প্রয়োজন। এ ধরনের পদক্ষেপ নিতে হলে বৈধ আইনি ভিত্তি থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments