Homeবিবিধঅপরাধপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, পালাল দুই ব্যক্তি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, পালাল দুই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।

শনিবার (১০ অক্টোবর) রাত ১টা ১৫ মিনিটের দিকে আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটের দিকে যাওয়ার পথে একটি ইন্টারসেকশনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তেজগাঁও বিভাগের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উদ্ধার করা ককটেলটি পরীক্ষা করে তাতে কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি। প্রাথমিক পর্যবেক্ষণে বস্তুটিকে সাধারণ পটকাজাতীয় বিস্ফোরক উপাদানের মতো বলে ধারণা করা হয়েছে।

ঘটনার পর মোটরসাইকেল আরোহী দুজন আগারগাঁও হয়ে কাফরুলের দিকে চলে গেছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে রাতের বেলায় আশপাশের দোকানপাট বন্ধ থাকায় সিসিটিভি ফুটেজ থেকে মোটরসাইকেলটির নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের পরিচয় ও ঘটনার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments