নিজস্ব প্রতিনিধি:
২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে সরকারি দল, বিরোধী দল ও সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে তিনি বলেছেন, সংসদে বক্তব্য ও আলোচনা শেষ হওয়ার পর ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। পরে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা জাতীয় ঐক্যের বিষয়ে সমর্থন জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো প্রচেষ্টা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, “বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে সুযোগ নিচ্ছে বিভিন্ন পক্ষ, সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে কখনো এটার নাম ধর্ম, কখনো হরতাল, কখনো ভিন্ন নাম দেওয়া হচ্ছে, উদ্দেশ্য একটাই, তারা যেন এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সেটা যাতে আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, বর্তমান পরিস্থিতিতেও তা ধরে রাখা জরুরি। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীর ষড়যন্ত্র নস্যাৎ এবং তাদের পুনরুত্থান ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখতে হবে।
তিনি বলেন, “আমি আশা করব, আমরা সরকারি দল, বিরোধী দল, সব দল, সংসদের ভেতরে-বাইরে সবাই ঐক্যবদ্ধভাবে একটা বিষয়ে ঐক্যবদ্ধ থাকি—এ দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অব্যাহত থাকুক এবং এ দেশে আর কোনো দিন যাতে ফ্যাসিবাদী শক্তি, কোনো পতিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেরকম কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।”
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তিনি মন্ত্রীর বক্তব্যের শেষাংশ থেকে কথা শুরু করতে চান। জাতীয় ঐক্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “উনি শেষের দিকে এসে একটা আপিল জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেব। উনার এই ফিলিংসের জন্য ধন্যবাদ।”
শফিকুর রহমান বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে ওঠা ঐক্য দেশের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। সেই ঐক্যের চেতনা ধরে রেখে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের মানুষকে আবার ফ্যাসিবাদীদের নিপীড়ন ও যন্ত্রণার মধ্যে ঠেলে দেওয়া উচিত হবে না।
অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ফ্যাসিবাদী শক্তিকে আশকারা দিয়েছে বা তাদের ফিরে আসার সুযোগ তৈরি করছে, তাদের বিষয়ে জনগণই বিচার করবে। তবে শুধু রাজনৈতিক বক্তব্য বা সংসদীয় আলোচনা দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না। এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
বিরোধীদলীয় নেতা বলেন, “আগামীতে আমরা এখানে বসে যা বলব, তারপর যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সেটাই আমরা দেখতে চাই।”
তিনি আরও বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য ও বিতর্ক থাকতেই পারে। তবে দেশের ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবেশ এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল অবস্থান থাকা প্রয়োজন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার বক্তব্যে কিছু অম্লমধুর কথা থাকলেও জাতীয় ঐক্যের বিষয়ে তিনি যে অবস্থান নিয়েছেন, তা গুরুত্বপূর্ণ। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা-সমালোচনা এবং বিতর্ক থাকবে। তবে তা সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকবে এবং সংসদীয় রীতি ও ঐতিহ্য মেনেই পরিচালিত হবে।
এ সময় নিজের বক্তব্যে কক্সবাজার ও মাদক পরিস্থিতি নিয়ে ওঠা ইঙ্গিতের জবাব দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ না। আর এই মাদকের সৃজন তো আর আমি করিনি। এটা আমাদের বহন করে যেতে হচ্ছে রোহিঙ্গা রিফিউজি আসার পরের থেকে।”
মাদক ও মানব পাচার প্রতিরোধে সরকার পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, সম্প্রতি মাদক ও মানব পাচারকারীদের প্রতিরোধ করতে গিয়ে একজন সেনাসদস্য শহীদ হয়েছেন। একই ঘটনায় জিম্মি অবস্থা থেকে নারী ও শিশুসহ ৫৬ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
সংসদে দুই নেতার বক্তব্যে ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখা এবং ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা উঠে আসে।



