নিজস্ব প্রতিনিধি:
কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার কোনো ইতিহাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেই বলে দাবি করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল; রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে আলোচনা করলেও কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের প্রশ্ন আসে না।
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, যারা জামায়াতের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলছেন, তারাই দেশে-বিদেশে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের নিজেদের অবস্থান পর্যালোচনা করা উচিত।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, মন্ত্রী সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার কথা বলেছেন, যার সঙ্গে তিনি একমত। তবে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে কোনো রাজনৈতিক দলের বোঝাপড়া হয়েছে কি না, সে বিষয়টিও স্পষ্ট করা প্রয়োজন।
তিনি বলেন, “আজ এই সাড়ে ৩০০ সদস্যের হাউজে স্পষ্ট করে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে আমাদের বসার ইতিহাস নেই।”
ডা. শফিকুর রহমান বলেন, তার দলকে নিয়ে এ ধরনের অভিযোগ তোলা হলে তার প্রমাণ উপস্থাপন করা উচিত। তিনি দাবি করেন, যারা জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করছেন, তাদের কেউ কেউ বিদেশি সংস্থার সঙ্গে বৈঠক করেছেন এবং অতীতের রাজনৈতিক অবস্থান ভুল ছিল বলে প্রকাশ্যে স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, বর্তমান রাষ্ট্রপতিও অতীতে প্রকাশ্যে জামায়াতের মামলা তুলে নেওয়া ও দলটির জন্য সুযোগ তৈরি করার বিষয়ে কথা বলেছেন। তবে জামায়াত এমন কোনো বক্তব্য দেয়নি বলে দাবি করেন তিনি।
১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার বিষয়ে তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তার দাবি, ওই দিনের প্রায় ২২ মিনিটের বক্তব্যে তিনি একবারও আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি। বক্তব্যের ভিডিও এখনো রয়েছে এবং যে কেউ তা যাচাই করতে পারবেন বলে জানান তিনি।
সংসদে একজন ব্যক্তির ভূমিকা নিয়েও কটাক্ষ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ওই ব্যক্তি বিভিন্ন সময়ে জামায়াতকে নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যের ভিত্তিতে দলটিকে কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগে ইঙ্গিত করা হলে তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, মাদক নির্মূল করা প্রয়োজন। তবে মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের, তাদের নিজেদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তিনি সংসদে সরকারি দলের একজন জ্যেষ্ঠ সদস্যের বক্তব্য উদ্ধৃত করে বলেন, আগে ফ্যাসিস্টরা মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত, এখন তাদের দলের কিছু নেতা মাদক নিয়ন্ত্রণ করছেন—এমন মন্তব্য সংসদেই করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের প্রবেশ বন্ধ না করে শুধু দেশের ভেতরে নিয়ন্ত্রণের চেষ্টা যথেষ্ট নয়। সংসদের আরেক জ্যেষ্ঠ সদস্যের বক্তব্য উদ্ধৃত করে তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়েই মাদকের বড় চালান যায়।
বিরোধী দল এসব অভিযোগ তুললে রাজনৈতিক বিরোধিতার কারণে বলা হচ্ছে—এমন ধারণা তৈরি হতে পারে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তাই তিনি বিরোধী দলের বক্তব্যের পরিবর্তে সরকারি দলের সংসদ সদস্যদের বক্তব্যই তুলে ধরছেন।
জাতীয় ঐক্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানের প্রসঙ্গে ফিরে তিনি বলেন, দেশের মানুষকে আবার ফ্যাসিবাদী শাসনের যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া উচিত হবে না। কার দুর্বলতায় ফ্যাসিবাদী শক্তি আশকারা পাচ্ছে, তা জনগণের বিচার করা উচিত। সংসদে যেসব বিষয় উঠে আসছে, সেগুলোর ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির বলেন, তার ৫২ বছরের রাজনৈতিক জীবনে পরিস্থিতির উন্নতির কথা বারবার শুনে আসছেন। কিন্তু সেই উন্নতির ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতো হতে পারেনি।
তিনি বলেন, “আমরা বাংলাদেশই থাকতে চাই। অন্য কোনো দেশ হতে চাই না, অন্য কোনো দেশের অধীনতাও স্বীকার করতে চাই না। কারও আধিপত্যবাদ আমরা বরদাশত করব না। তবে বাংলাদেশটা বাংলাদেশের মতো বাংলাদেশ হোক।”
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আরেকটি অংশের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, মন্ত্রী হত্যাকাণ্ডের সংখ্যা ২২ থেকে ১২-তে নেমে আসার কথা উল্লেখ করে সংসদ সদস্যদের হাততালি চেয়েছিলেন। বিরোধী দল হাততালি না দেওয়ায় মন্ত্রী নিজেই তিনবার হাততালি দেন বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে এলে বিরোধী দলসহ সবাই মিলে স্বরাষ্ট্রমন্ত্রীকে হাততালি দেবে।



