Homeঅর্থনীতিরমজানের আগে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকিতে ঋণ সুবিধা

রমজানের আগে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকিতে ঋণ সুবিধা

চাল, গম, পেঁয়াজ, ডাল, তেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে সুবিধা

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে ঋণসুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় আমদানিকারকেরা পণ্য দেশে আনার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করা যাবে। এসব পণ্য আমদানিতে ব্যবসায়ীরা সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণ (বায়ার্স ক্রেডিট) সুবিধা নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, রমজানে যেসব ভোগ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানিকারকেরা যাতে আগেভাগে পণ্য আমদানির ব্যবস্থা করতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এর ফলে আমদানিকারকেরা পণ্য আনার বিপরীতে তাৎক্ষণিকভাবে পুরো মূল্য পরিশোধ না করে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে অর্থ পরিশোধ করতে পারবেন।

আরিফ হোসেন খান বলেন, রমজানকে কেন্দ্র করে ভোক্তাদের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক, তা বাংলাদেশ ব্যাংক চায় না। আমদানিকারকেরা এখন থেকেই উদ্যোগ নিলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে। এতে সাধারণ মানুষ তুলনামূলক সাশ্রয়ী দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।

তিনি আরও বলেন, চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলে পণ্যের দাম বেড়ে যায়। তাই রমজানের আগেই আমদানির সুযোগ দেওয়া হয়েছে, যাতে ব্যবসায়ীরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পর্যাপ্ত পণ্য আমদানি করতে পারেন। এতে বাজারে ঘাটতি ও মূল্যবৃদ্ধির চাপ কমানো সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়েছে। এর আওতায় আমদানিকারকেরা পণ্যের মূল্য তাৎক্ষণিকভাবে পরিশোধ না করে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে পরিশোধ করতে পারবেন।

সার্কুলারে গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদের কথাও উল্লেখ করা হয়েছে। ওই নির্দেশনায় নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে রমজান সামনে রেখে গুরুত্বপূর্ণ ১০টি খাদ্যপণ্যের আমদানিতে এ সুবিধা সম্প্রসারণ করা হলো।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন নির্দেশনার বিষয়টি জানাতে বলা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments