Homeজাতীয়রোহিঙ্গা প্রত্যাবাসন ও আইসিজের বিচারপ্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা

রোহিঙ্গা প্রত্যাবাসন ও আইসিজের বিচারপ্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা

মিয়ানমারে নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরানোর ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিনিধি:

রোহিঙ্গা সংকটের সমাধান, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গা প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে প্রতিনিধিদলটি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

ব্রিটিশ সংসদ সদস্য ইমরান হুসাইন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্য সদস্যদের মধ্যে ছিলেন কাউন্সিলর হাসান উজ্জামান খান, পার্লামেন্টারি গবেষক মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ এবং অর্ফানস ইন নিডের হেড অব ফান্ডরেইজিং আলতাফ হুসাইন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার, মিয়ানমারে বাস্তুচ্যুত নাগরিকদের প্রত্যাবাসন এবং এ সংকট ঘিরে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের নাগরিকদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই দীর্ঘদিনের এ সংকটের অবসান ঘটাতে হবে। এ জন্য আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সদস্যরাও রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বাড়াতে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments