নিউজ ডেস্ক:
বিয়ের বাইরে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে সৌদি আরবে এক কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। ৪০ বছর বয়সী ওই নারীর নাম ইস্তের ওয়ানজা মুথুনি। যে ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্কের কারণে সন্তানের জন্ম হয়েছে, তিনি মিসরের নাগরিক। তিনি ইতোমধ্যে সৌদি আরব ছেড়ে চলে গেছেন।
মুথুনি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। একটি সৌদি পরিবারের শিশুদের দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি। এ সময় মিসরের এক ব্যক্তির সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর মুথুনির গর্ভধারণের বিষয়টি ধরা পড়ে। এরপর পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
বর্তমানে তাঁর সন্তানের বয়স এক বছর। শিশুটিকে নিয়ে সৌদি আরব ছাড়ার জন্য একাধিকবার চেষ্টা করলেও প্রতিবারই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
গত মাসে নিউইয়র্ক টাইমসকে মুথুনি বলেন, “আমি অত্যন্ত ভীত। আমার মনে হয় না বেত্রাঘাতের আঘাতগুলো সহ্য করতে পারব।”
সন্তান জন্ম দেওয়ার পর সৌদি পরিবারটি তাঁকে আর কাজে ফিরতে দেয়নি। ফলে তিনি বাস্তুহীন হয়ে পড়েন। একপর্যায়ে একটি পেট্রোল স্টেশনে আশ্রয় নেন। সেখানে আরও কয়েকজন নারী তাঁদের সন্তানদের নিয়ে অবস্থান করছিলেন। তাঁরাও নিজ নিজ দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন।
মুথুনিকে নিয়ে সংবাদ প্রকাশের পর তিনি থাকার জন্য একটি বাড়ি পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের নিষ্পত্তি না হওয়া অথবা নির্ধারিত শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত তিনি কেনিয়ায় ফিরতে পারছেন না।
প্রতিবেদনে সৌদি আরবে বেত্রাঘাতের পদ্ধতি সম্পর্কেও বর্ণনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সাধারণত বাঁশের তৈরি লাঠি দিয়ে নারীদের বসিয়ে কাপড়ের ওপর আঘাত করা হয়।
সূত্র: নিউইয়র্ক টাইমস



