Homeআন্তর্জাতিকশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, পুলিশের সঙ্গে সংঘর্ষ

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে তিরানায় হাজারো মানুষের সমাবেশ; জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক:

দুর্নীতি, দারিদ্র্য, কর্মসংস্থানের সংকট ও শিক্ষার নিম্নমানের প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বলকান অঞ্চলের দেশ আলবেনিয়া। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজধানী তিরানায় হাজারো মানুষ রাজপথে নেমেছেন। শনিবার (২৮ নভেম্বর) বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। একপর্যায়ে তাদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রলবোমা ছুড়তে শুরু করে। জবাবে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে।

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কর্মসংস্থানের অভাব এবং শিক্ষার মান নিয়ে জনমনে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। এসব ইস্যুতে গত অক্টোবরের মাঝামাঝি তিরানায় বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আন্দোলন সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারি ভবন ও ব্যাংকে আগুন দেওয়া, দোকানের জানালা ভাঙচুর এবং সড়ক থেকে পাথর তুলে পুলিশের দিকে ছোড়ার অভিযোগ ওঠে।

গত শনিবারের বিক্ষোভেও সহিংসতার ঘটনা ঘটে। আন্দোলনে অংশ নেওয়া ৪৫ বছর বয়সী প্রকৌশলী এরালদা বাজে বলেন, দুর্নীতি, দারিদ্র্য ও দেশত্যাগের মতো সমস্যা আর মেনে নেওয়া যায় না। অন্য বিক্ষোভকারীরাও উন্নত জীবনযাপন ও মানসম্মত স্বাস্থ্যসেবার দাবি জানান।

বিক্ষোভকারীদের একাংশ মুখোশ পরে সরকারি ভবন লক্ষ্য করে পাথর ছোড়েন। তারা প্রধানমন্ত্রী এদি রামার কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ বাধা দেয়। এ সময় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। দুর্নীতি ও দারিদ্র্য কমানোর পাশাপাশি কর্মসংস্থান এবং শিক্ষার সুযোগ বাড়ানোর দাবি জানান তারা।

তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে রামার সরকার। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আন্দোলন প্রশমনে সরকার কম দামে জ্বালানি সরবরাহ এবং দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানোর মতো পদক্ষেপও নিয়েছে।

এর আগে গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট একটি বিলাসবহুল উপকূলীয় উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল। কয়েক মাস ধরে চলা ওই আন্দোলনের পর নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ রামা সরকারের ওপর চাপ আরও বাড়িয়েছে।

২০১৩ সাল থেকে ক্ষমতায় রয়েছেন এদি রামা। গত বছর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। তবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পাশাপাশি দুর্নীতির অভিযোগ ও অর্থনৈতিক-সামাজিক অসন্তোষ তার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ প্রত্যাশী বলকান অঞ্চলের দেশগুলোর মধ্যে আলবেনিয়া এগিয়ে রয়েছে। ২০৩০ সালের মধ্যে ইইউতে যোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। তবে দুর্নীতির অভিযোগ এবং চলমান সরকারবিরোধী বিক্ষোভ সেই লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: রয়টার্স

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments