নারায়ণগঞ্জ প্রতিনিধি:
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
শনিবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ২০১৩ সালের ৫ মে নবীজি (সা.)-এর মর্যাদা রক্ষা এবং তাঁর সম্পর্কে কটূক্তিকারীদের বিচারের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের তৎকালীন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে রাজধানীর শাপলা চত্বরে বিপুলসংখ্যক মানুষ সমবেত হয়েছিলেন। তাঁর অভিযোগ, ওই রাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিরস্ত্র আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের ওপর হামলা চালানো হয়। এতে অনেকে নিহত, আহত ও নির্যাতনের শিকার হন বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “আমাদের সরকার ২০১৩ সালের শাপলা চত্বরের নারকীয় হত্যাযজ্ঞসহ সব অপরাধের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা ও সুন্নাহর গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ তাআলা তাঁকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। তাঁর আদর্শ, সুন্নাহ ও চরিত্র অনুসরণ করাই মানুষের জীবনের অন্যতম বড় শিক্ষা।
আলেম-ওলামা, মসজিদ-মাদরাসা ও ধর্মীয় মূল্যবোধের সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানী চালু করা হয়েছে।
তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৬৮ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ সম্মানীর আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতি বছর এক-চতুর্থাংশ হারে নতুন প্রতিষ্ঠান যুক্ত করে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানীর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করে ধর্মমন্ত্রী বলেন, মহান আল্লাহ যেন তাঁকে সব ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব।
এ ছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ দেশ-বিদেশের বিশিষ্ট আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা বক্তব্য দেন।



