সাভার প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষের পরিচয় এক ও অভিন্ন। দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনায় দেশের মানুষের নিরাপত্তা, নাগরিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বুধবার বিকেলে সাভার উপজেলা পরিষদ হলরুমে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার পূজামণ্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ, এই চেতনাকে ধারণ করে আমরা পথ চলতে চাই। এই দেশ আমাদের সবার; তাই দেশকে রক্ষা করার দায়িত্বও আমাদের সবার।’
দুর্গাপূজাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে। এই সম্প্রীতি নষ্ট করতে কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মণ্ডপগুলোতে মনিটরিং টিম গঠন করে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে।
মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিকভাবে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদেরও এ কাজে সম্পৃক্ত করতে হবে। কিশোরদের মাদক, অপরাধ ও সংঘবদ্ধ অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।
দুর্গাপূজার সময় স্বাস্থ্যঝুঁকি কমানোর ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। এতে ডেঙ্গুর পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যঝুঁকিও কমানো সম্ভব হবে।
দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের স্বার্থে জনগণ সব সময় ঐক্যবদ্ধ থেকেছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করার কোনো শক্তি সফল হবে না। তাই সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার সার্বিক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আশুলিয়া থানা পূজা উদযাপন কমিটির সভাপতি আশীষ কুমার নাগ ও সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার এবং সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়ন।
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম সভা সঞ্চালনা করেন।


