Homeসারাদেশচট্টগ্রামচুয়েটের প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন নতুন উপাচার্য

চুয়েটের প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন নতুন উপাচার্য

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক অচলাবস্থার মধ্যে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। টানা ২১ দিনের আন্দোলনের পর সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি রাউজানে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। পরে তিনি উপাচার্যের কার্যালয়ে যান।

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে চুয়েটে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে। এ দাবিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।

নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগের পর থেকেই তার ক্যাম্পাসে উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছিল।

সোমবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে উপাচার্যের প্রবেশের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্যের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments