Homeঅর্থনীতিনতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

বিশেষ প্রতিনিধি:

নতুন ঋণ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের আলোচনা এগিয়ে চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ঋণ কর্মসূচির বিভিন্ন শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে। যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ আছে বলে মনে করছে সরকার।

সোমবার থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

আইএমএফের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ বিষয়ে ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং আলোচনা অব্যাহত রয়েছে। পরবর্তী বৈঠকও নির্ধারিত রয়েছে।

ঋণ কর্মসূচির শর্ত প্রসঙ্গে তিনি বলেন, আইএমএফের কিছু শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে এসব বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব। কিছু ক্ষেত্রে শর্ত বাস্তবায়নের ধারাবাহিকতা বা সময় নির্ধারণের বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলছে বাংলাদেশ।

বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সংস্থাটির সঙ্গে একটি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। এর মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারিত হবে। এর মধ্যেই বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের প্রতিশ্রুতি ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন পরিকল্পনা সাজানো হচ্ছে। বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতার ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও তিনি আশাবাদ প্রকাশ করেন।

আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন উপলক্ষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং উন্নয়ন সহযোগীরা অংশ নিচ্ছেন। সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, উন্নয়ন অর্থায়ন ও আন্তর্জাতিক আর্থিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments