জ্যেষ্ঠ প্রতিনিধি:
দেশের শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে। কিন্তু জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
সোমবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অতীতেও নানা সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি পরিচয়কে ধারণ করে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এই চেতনা ধারণ করে দেশের শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক ধারা বজায় রাখা এবং মানুষের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আসন্ন দুর্গাপূজা সামনে রেখে নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষ মিলেমিশে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে। এই ঐক্য ও সম্প্রীতি অটুট রাখতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।
পূজা উদ্যাপনে সরকারি বরাদ্দ ও সহায়তা নির্ধারিত নীতিমালা অনুসরণ করে বণ্টনের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি উৎসব চলাকালে মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মাদক দেশের জন্য গুরুতর সমস্যা। এ সমস্যা নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।



