কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের পশ্চিম মসূয়া গ্রামে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ের কর্মসূচি সম্পন্ন করে পুরস্কার হিসেবে বাইসাইকেল পেয়েছে ১৪ শিশু। এ ছাড়া আরও পাঁচ শিশুকে দেওয়া হয়েছে টেবিল লাইট।
শিশুদের নিয়মিত মসজিদে আসা, জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা এবং ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে স্থানীয় যুবক ও প্রবাসীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে পশ্চিম মসূয়া বাইতুল আকসা জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে ১০ থেকে ১২ বছর বয়সী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুহা আব্দুল মাজিদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আশরাফুল আলম। প্রধান অতিথি ছিলেন মসূয়া ইউনিয়ন জামায়াতের আমির ও নূর হুসাইল আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাইতুল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তানযীল আহমেদ।
এতে বক্তব্য দেন মসূয়া উমর বিন খাত্তাব (রা.) জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল ইসলাম তিতাস, আছিমুন্নেছা ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট সালাফিয়্যাহ কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা রাকিবুল হাসান এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক মো. আল-আমিন হুসাইন। এ সময় স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ছোটবেলা থেকেই শিশুদের নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং মসজিদের সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়ানো এ কর্মসূচির মূল উদ্দেশ্য। পুরস্কারের মাধ্যমে শিশুদের জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করাও ছিল উদ্যোগটির অন্যতম লক্ষ্য।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, শিশুদের ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করার এ উদ্যোগ অন্য এলাকার মসজিদগুলোর জন্যও অনুপ্রেরণা হতে পারে। বিশেষ করে প্রবাসীদের সহযোগিতায় নিজ এলাকার শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার উদ্যোগটি স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।



