নিজস্ব প্রতিনিধি:
দেশের উচ্চশিক্ষায় সুযোগের বৈষম্য কমাতে পৃথক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ উদ্যোগের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিদ্যমান প্রযুক্তিগত অবকাঠামো ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে সংস্থাটি।
বুধবার (২৮ অক্টোবর) বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার সুযোগ ও একাডেমিক সম্পদে বৈষম্য রয়েছে। কোনো বিশ্ববিদ্যালয় বড় শহরে অবস্থিত, আবার কোনোটি প্রত্যন্ত অঞ্চলে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়াতে উচ্চশিক্ষার জন্য আলাদা টেলিভিশন চ্যানেল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সুবিধা কাজে লাগিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা যেতে পারে।
আগামী দুই বছরের মধ্যে দেশের প্রায় ১৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে একটি ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান ইউজিসি চেয়ারম্যান। এ উদ্যোগের আওতায় উচ্চগতির ইন্টারনেট, ডিজিটাল শ্রেণিকক্ষ ও ডিজিটাল ক্যাম্পাসের প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
মামুন আহমেদ বলেন, এ নেটওয়ার্ক চালু হলে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক যোগাযোগ, যৌথ গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার সুযোগ বাড়বে। পাশাপাশি বিদেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষক ও গবেষকদের দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও অনলাইন প্রযুক্তির বিকাশ প্রচলিত শিক্ষাব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন নয়, ব্যবহারিক দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। উচ্চশিক্ষাকে মানসম্মত, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক করা জরুরি।
ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই শিক্ষা গ্রহণের সুযোগ বাড়ছে উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি ও অবকাঠামো আধুনিকায়ন করতে হবে। এ লক্ষ্য অর্জনে ইউজিসি ও বাউবিকে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থার মাধ্যমে সব বয়স, সামাজিক অবস্থান ও অঞ্চলের মানুষকে শিক্ষার আওতায় আনা সম্ভব হয় না। ফলে অনেকে মূলধারার শিক্ষা থেকে বঞ্চিত হন বা ঝরে পড়েন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী নেটওয়ার্ক কাজে লাগিয়ে এসব মানুষের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া সম্ভব।
বর্তমানে বাউবিতে প্রায় তিন লাখ শিক্ষার্থী রয়েছেন উল্লেখ করে মামুন আহমেদ বলেন, মানসম্মত ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা গেলে এ সংখ্যা আরও বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান খান। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।
এ ছাড়া বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



