রাজবাড়ী প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সামগ্রিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। সহিংসতা, চাঁদাবাজি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাবের কারণে অবাধ ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
তিনি বলেন, “দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। দেশ কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন। গণ-অভ্যুত্থানের পর দেশের পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল না। সরকারের সময় যত যাচ্ছে, ততই মনে হচ্ছে দেশ যেন পেছনের দিকে এগিয়ে যাচ্ছে।”
বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, সারা দেশে দলটির ছত্রচ্ছায়ায় মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, “সরকারদলীয় অন্তর্কোন্দলে কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন। নির্বাচন কমিশন দলীয়করণ হয়েছে, পুলিশ প্রশাসনও দলীয়করণ হয়েছে। নতুন করে সেই প্রবণতা তৈরি হচ্ছে। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব নয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে আমরা সংস্কারের প্রস্তাব দেব।”
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে পাঁচ জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
দেশে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তাঁর অভিযোগ, বিভিন্ন এলাকায় মাদকের স্পট চিহ্নিত করা হলেও সেগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশ একটি ‘মাফিয়া স্টেটে’ পরিণত হয়েছে। আগে থেকেই এ পরিস্থিতি ছিল, এখনো কোনো পরিবর্তন হয়নি। একদিকে সন্ত্রাসীদের হাতে অস্ত্র, অন্যদিকে প্রতিমন্ত্রীদের হাতেও অস্ত্র—এটাকেই মাফিয়া স্টেট বলে। ফ্যাসিবাদ, স্বৈরাচার ও নতুন চাঁদাবাজেরা এখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।”
তিনি জানান, ১১-দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে। সেই প্রস্তাবের ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা উচিত বলে মনে করেন তিনি।
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে দলটি পরাজিত হয়েছে। তাঁর দাবি, বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব বিলুপ্ত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ও ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদ উৎখাত করেছে। আওয়ামী লীগের বর্তমানে তেমন কোনো তৎপরতা নেই বলেও দাবি করেন তিনি। তবে তাঁর অভিযোগ, প্রতিবেশী একটি দেশ বাংলাদেশকে চাপে রাখতে দলটিকে ব্যবহার করছে। আওয়ামী লীগ পরাজিত হলেও দলটির সহযোগীরা এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার নেতাকর্মীরা অংশ নেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।



