Homeজাতীয়যান্ত্রিক ত্রুটি সারিয়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

যান্ত্রিক ত্রুটি সারিয়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

জ্যেষ্ঠ প্রতিনিধি:

ককপিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৭৭ জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে উড়োজাহাজটি নারিতা বিমানবন্দর ত্যাগ করে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ৩টার দিকে অবতরণের কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কারিগরি ত্রুটির কারণে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটির উড্ডয়ন বিলম্বিত হয়। পরে বিমানের নিজস্ব প্রকৌশল দল ও জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে ত্রুটি মেরামত করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন উপমহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেরামত শেষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে উড়োজাহাজটি পুশব্যাক করা হয় এবং রাত ৭টা ৫৫ মিনিটে নিরাপদে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটির উড্ডয়ন স্থগিত করা হয়।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, ত্রুটি শনাক্ত হওয়ার পর প্রকৌশলীরা দ্রুত মেরামতের কাজ শুরু করেন। পরে বিমানের প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি মেরামত করে।

ফ্লাইটের এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে যাত্রীদের বোর্ডিং সম্পন্ন হওয়ার পর উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। তবে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে ‘স্পয়লার’ সংক্রান্ত একটি প্রযুক্তিগত সংকেত দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেন।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সফরকালে প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments