স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপ আর্চারি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সোনার পদক জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ইরাকের সোলাইমানিয়াহতে রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি।
ফাইনালে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম সেটে ৫০-৫৩ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েন আলিফ, সাগর ও রাফি। তবে পরের তিন সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করেন বাংলাদেশের আর্চাররা।
এর আগে সরাসরি এলিমিনেশন রাউন্ডে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে।
এই জয়ের মধ্য দিয়ে চলতি আসরে বাংলাদেশের মোট পদকসংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। এর মধ্যে দুটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ রয়েছে।
এর আগে নারীদের কম্পাউন্ড দলগত বিভাগে বাংলাদেশের হয়ে প্রথম সোনা জেতেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি। ফাইনালে তাঁরা কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে পরাজিত করেন।
এ ছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত ও মিশ্র দলগত বিভাগে রুপা জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব এবং নারী এককে কুলসুম আক্তার মনি ব্রোঞ্জ পদক পেয়েছেন।



