নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দল থেকে পদত্যাগ করেছেন। রাজনৈতিক জোট, দলের অভ্যন্তরীণ গণতন্ত্র এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে মতাদর্শিক বিরোধের কথা জানিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি জানান। পোস্টে দলের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গত ১১ মাস ধরে বিভিন্ন পর্যায়ে নিজের মতামত, লিখিত অভিযোগ ও প্রস্তাব তুলে ধরার কথা উল্লেখ করেন তিনি।
সামান্তা শারমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো দিক থেকেই এনসিপির মিত্র হওয়ার উপযুক্ত নয় বলে তিনি মনে করেন। জামায়াতের সঙ্গে জোট করার কারণে এনসিপিকে রাজনৈতিক মূল্য দিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির নির্বাচনী কৌশল, অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং নেতৃত্বে নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারারও সমালোচনা করেন তিনি।
তার অভিযোগ, কাউন্সিল আয়োজন না করে দলের আহ্বায়ক কমিটি পুনর্গঠন অভ্যন্তরীণ গণতন্ত্রকে দুর্বল করেছে। একই সঙ্গে নারীদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত রাখার মাধ্যমে দলটি পুরোনো রক্ষণশীল রাজনৈতিক ধারার সঙ্গে মিশে গেছে।
দলের ভেতরে বারবার এসব বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানালেও নেতৃত্ব অবস্থান পরিবর্তনে আগ্রহী হয়নি বলে দাবি করেন সামান্তা শারমিন।
পদত্যাগের ঘোষণায় তিনি গণতান্ত্রিক সংস্কার, জাতীয় স্বার্থ, নারীর সমান অংশগ্রহণ ও অর্থনৈতিক ন্যায়বিচারকে ভিত্তি করে নতুন রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।



