নিজস্ব প্রতিনিধি:
আন্তর্জাতিক যোগাযোগ, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
প্রস্তাবিত এসব কেন্দ্রে চীনা, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, ফরাসি, ইতালীয় ও স্প্যানিশসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখানো হবে।
শুক্রবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘এপিস্টেমিক রিকনফিগারেশনস ইন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ (ইআরএলএস) ২০২৬’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ উদ্যোগের কথা জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, বিদেশি ভাষায় দক্ষতা এখন আর শুধু অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা নয়; উচ্চশিক্ষা, গবেষণা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
বিশ্ব প্রতিযোগিতায় তরুণদের প্রস্তুত করতে ভাষাশিক্ষাকে জাতীয় দক্ষতা উন্নয়ন কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, বিদেশি ভাষাশিক্ষার প্রসার ঘটাতে গিয়ে বাংলাকে অবহেলা করা যাবে না। বাংলা ভাষার সঙ্গে দেশের ইতিহাস, জাতীয় পরিচয় ও সংস্কৃতি গভীরভাবে জড়িত।
তিনি বলেন, মাতৃভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা বজায় রেখেই শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার সুযোগ দিতে হবে।
তিনি আরও জানান, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যে জাপানি, কোরীয়, চীনা, ইংরেজি ও আরবি ভাষায় প্রশিক্ষণ দিচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের (বিআইএল) প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সৈয়দা সারওয়াত আবেদ, বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আরশাদ মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএলের পরিচালক অধ্যাপক শায়লা সুলতানা।
সম্মেলনে বহুভাষিক শিক্ষা, ভাষাবিষয়ক গবেষণা, ঔপনিবেশিক প্রভাব, শিক্ষকদের স্বায়ত্তশাসন এবং বিভিন্ন দেশের মধ্যে জ্ঞান বিনিময়সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।



