তানভীর রায়হান:
সন্তান মাদকসহ পুলিশের হাতে আটক—এমন খবর দিয়ে অভিভাবকদের ফোন করা হচ্ছে। কখনো পুলিশ, কখনো গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে জানানো হচ্ছে, দ্রুত টাকা না দিলে সন্তানের বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হবে। বিশ্বাসযোগ্যতা বাড়াতে ফোনে শোনানো হচ্ছে মারধরের শব্দ, এমনকি সন্তানের কণ্ঠস্বর নকল করে কান্নাকাটিও করানো হচ্ছে। আতঙ্কিত অভিভাবকদের কাছ থেকে বিকাশ বা অন্য মাধ্যমে টাকা আদায়ের এই কৌশলে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি।
বরিশাল সদর উপজেলার বাসিন্দা আবুল কালাম আজাদ এমনই এক প্রতারণার মুখে পড়েছিলেন। তাঁকে ফোন করে নিজেকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিচয় দেওয়া এক ব্যক্তি জানান, তাঁর ছেলের ব্যাগে মাদক পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার প্রস্তুতি চলছে। ছেলেকে মুক্ত করতে হলে দ্রুত ১ লাখ ২০ হাজার টাকা পাঠাতে হবে।
ছেলের বিপদের কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়লেও শেষ পর্যন্ত প্রতারকদের কথায় টাকা পাঠাননি আবুল কালাম। পরিচিত নম্বরে ছেলের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, তিনি ঢাকায় কর্মস্থলে রয়েছেন। গ্রেপ্তারের খবরটি সম্পূর্ণ মিথ্যা।
এ ধরনের প্রতারণার আরেকটি ঘটনায় গত ১৪ নভেম্বর ভুক্তভোগী হন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জিসান হোসাইনের পরিবার। তাঁর বাবার কাছে ডিবি পরিচয়ে ফোন করে জানানো হয়, ইয়াবাসহ জিসানকে আটক করা হয়েছে। তাঁকে ছাড়াতে পাঁচ লাখ টাকা দিতে হবে। অন্যথায় মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
জিসানের বাবা বিষয়টি বিশ্বাস করতে না চাইলে ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, তাঁর ছেলের সঙ্গে এক তরুণীকেও আটক করা হয়েছে। ওই তরুণীর কাছে ইয়াবা পাওয়া গেছে। একপর্যায়ে ফোনে মারধরের শব্দ শোনানো হয়। এরপর জিসানের মতো কণ্ঠে একজন কান্নাকাটি করে বাবাকে বলেন, ‘আব্বু, আব্বু আমাকে বাঁচাও। ওরা যা চায়, দিয়ে দাও।’
পরিবারের সদস্যরা জিসানের পরিচিত নম্বরে ফোন করেও তাঁকে পাননি। পাঁচ লাখ টাকা দিতে না পারার কথা জানালে প্রতারকেরা দ্রুত কিছু টাকা দেওয়ার জন্য চাপ দেয়। পরে ২০ হাজার টাকা দিতে পারবেন জানালে চক্রের দুই সদস্য মিরপুর-১২ নম্বরে তাঁদের বাসার নিচে গিয়ে টাকা নিয়ে যায়।
এরপর জিসানের অন্য একটি নম্বরে যোগাযোগ করে পরিবার জানতে পারে, তিনি অফিসের প্রশিক্ষণে রয়েছেন। পরে জিসান জানান, ফোনে শোনানো কণ্ঠটি তাঁর নিজের কণ্ঠের সঙ্গে প্রায় অবিকল ছিল।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা রইচ উদ্দিনও গত ২৯ আগস্ট একই ধরনের ফোন পান। ডিবি পরিচয় দেওয়া ব্যক্তি প্রথমে কৌশলে তাঁর ছেলের নাম ও পেশা জেনে নেন। পরে দাবি করেন, ইয়াবাসহ ছেলেকে আটক করা হয়েছে। তিন লাখ টাকা না দিলে তাঁকে মাদক মামলায় ফাঁসানো হবে।
প্রায় ১০ মিনিট পর অন্য একটি নম্বর থেকে ফোন করে ছেলের কান্নার শব্দ শোনানো হয়। দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়। তবে ছেলের পরিচিত নম্বরে যোগাযোগ করে রইচ উদ্দিন জানতে পারেন, তাঁর ছেলে তখন অফিসে ছিলেন।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআইয়ের সাহায্যে পরিচিত ব্যক্তির কণ্ঠস্বর অনুকরণ করে এ ধরনের প্রতারণা করা সম্ভব হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও, অডিও কিংবা অন্য উৎস থেকে কণ্ঠের নমুনা সংগ্রহ করে কৃত্রিম কণ্ঠ তৈরি করা যায়। ফলে ফোনে শোনা কণ্ঠ পরিচিত মনে হলেও সেটি প্রকৃত ব্যক্তির নাও হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, ডিপফেক প্রযুক্তির কারণে এ ধরনের প্রতারণা আগের তুলনায় অনেক সহজ হয়েছে। অর্থের বিনিময়ে বিভিন্ন এআই সেবা ব্যবহার করে প্রায় অবিকল কণ্ঠস্বর তৈরি করা সম্ভব। সাধারণ মানুষের পক্ষে প্রকৃত ও নকল কণ্ঠের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ছে।
তিনি অনলাইনে ব্যক্তিগত তথ্য প্রকাশে সতর্ক থাকার পাশাপাশি বিভিন্ন অ্যাকাউন্টে দ্বিস্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখার পরামর্শ দেন। সন্তানের বিপদের কথা জানিয়ে ফোন এলে আতঙ্কিত না হয়ে এমন প্রশ্ন করতে হবে, যার উত্তর কেবল সন্তানই জানেন। তাঁর মতে, প্রযুক্তিনির্ভর প্রতারণা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোও জরুরি।
প্রতারকেরা কীভাবে অভিভাবক ও তাঁদের সন্তানদের তথ্য সংগ্রহ করছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন কেনাকাটার ওয়েবসাইট, আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহক তালিকা এবং বিভিন্ন সময়ে ফাঁস হওয়া তথ্যের ভান্ডার থেকে মুঠোফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানের অসাধু কর্মীদের মাধ্যমে অর্থের বিনিময়ে গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
ডিবির সাইবার বিভাগের কর্মকর্তাদের ভাষ্য, প্রতারকেরা কখনো নির্দিষ্ট ব্যক্তির পরিচয় ও পারিবারিক তথ্য সংগ্রহ করে পরিকল্পিতভাবে ফোন করে। আবার কখনো একসঙ্গে অনেক নম্বরে ফোন দিয়ে প্রতারণার চেষ্টা চালায়। কথোপকথনের শুরুতে অভিভাবকদের কাছ থেকেই সন্তানের নাম, পেশা ও অন্যান্য তথ্য কৌশলে জেনে নেওয়া হয়। আতঙ্কের মধ্যে অনেকেই বুঝতে পারেন না, তাঁরা নিজেরাই প্রতারকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে দিচ্ছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিটের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, প্রতারকেরা কোন উৎস থেকে মুঠোফোন নম্বর সংগ্রহ করছে, সে বিষয়ে তাঁদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে বিভিন্ন মামলার তদন্তে ব্যক্তিগত তথ্য সংগ্রহের একাধিক পদ্ধতির সন্ধান পাওয়া গেছে। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হয়। নম্বর সংগ্রহের উৎস নিয়েও কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের অন্যতম উদ্দেশ্য ছিল গ্রাহকের পরিচয় নিশ্চিত করা এবং অপরাধে ব্যবহৃত নম্বরের প্রকৃত ব্যবহারকারীকে শনাক্ত করা। কিন্তু এই ব্যবস্থা চালুর পরও অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে প্রতারণার ঘটনা ঘটছে।
ডিবির কর্মকর্তাদের মতে, অনেক ক্ষেত্রে একজনের নামে নিবন্ধিত সিম ব্যবহার করেন অন্য ব্যক্তি। প্রকৃত নিবন্ধিত মালিক হয়তো জানেনই না, তাঁর পরিচয়ে নেওয়া নম্বরটি অপরাধে ব্যবহৃত হচ্ছে। প্রতারণার মাধ্যমে আদায় করা অর্থও একাধিক ব্যাংক বা আর্থিক হিসাবে সরিয়ে নেওয়া হয়। ফলে সিমের নিবন্ধিত মালিকের পরিচয় পাওয়া গেলেও প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
হারুন অর রশিদ বলেন, বায়োমেট্রিক নিবন্ধন ব্যবস্থাতেও দুর্বলতা রয়েছে। তদন্তে প্রায়ই দেখা যায়, একজনের নামে নিবন্ধিত সিম অন্য কেউ ব্যবহার করছেন। এ ধরনের সিম উদ্ধারে অভিযান চালানো হয়। চলতি বছর দুই দফা অভিযানে ২০ হাজার ও ৫০ হাজার সিম উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
ডিবির এই কর্মকর্তা বলেন, এ ধরনের প্রতারণার অভিযোগ প্রায়ই পাওয়া যাচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে শুধু অপরাধীদের গ্রেপ্তার করে এ ধরনের প্রতারণা পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়; অভিভাবকদেরও সতর্ক থাকতে হবে।
সন্তানের গ্রেপ্তারের খবর পেলে আতঙ্কিত না হয়ে তাঁর পরিচিত নম্বরে আলাদাভাবে ফোন করার পরামর্শ দেন তিনি। প্রয়োজনে সন্তানের কর্মস্থল, বন্ধু বা কাছের স্বজনের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সত্যতা যাচাই করতে হবে। নিশ্চিত না হয়ে কাউকে টাকা পাঠানো উচিত নয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শ, কেউ সত্যিই অপরাধে আটক হলে সেটি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করতে হবে। টাকা দিয়ে কাউকে ছাড়িয়ে আনার চেষ্টা করা উচিত নয়। প্রযুক্তির অপব্যবহারে প্রতারণার কৌশল আরও জটিল হলেও তথ্য যাচাই, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং দ্রুত পুলিশের সহায়তা নেওয়াই এমন ফাঁদ এড়ানোর গুরুত্বপূর্ণ উপায়।



